- ০৪ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঝিনাইদহ
পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও শিল্পকারখানায় ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামীর আমিরকে দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর অভিযোগ, শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের সরকারি নলডাঙ্গা ভূখু স্কুল মাঠে জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ইসরাইল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাশেদ খান বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকারের সংহতি রয়েছে। তবে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির দায় জামায়াতের আমির এড়াতে পারেন না।
তিনি বলেন, জামায়াতের আমির যে দাবিতে লংমার্চ করছেন, সরকার ইতোমধ্যে সেসব দাবি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। লংমার্চে জামায়াত আমিরের ‘দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়া হবে’ বক্তব্যের পর পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রাশেদ খানের দাবি, দেশের অর্থনীতি ধ্বংসের উদ্দেশ্যে গার্মেন্টস শিল্পে আগুন দেওয়া হচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো নির্দিষ্ট ঘটনার বিস্তারিত তুলে ধরেননি।
দৈনিক আমার দেশ পত্রিকা ছেঁড়ার প্রসঙ্গে রাশেদ খান বলেন, একসময় পত্রিকাটি তাঁদের পত্রিকা হিসেবে পরিচিত ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের পর জামায়াতকে ক্ষমতায় আনার পক্ষে বিভিন্ন ধরনের বয়ান প্রকাশ করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। বর্তমানে পত্রিকাটি জামায়াতের মুখপত্র হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতের এক গোয়েন্দা কর্মকর্তার বৈঠক হয়েছে বলেও দাবি করেন রাশেদ খান। এ বিষয়ে তিনি বলেন, বৈঠকের তথ্য তিনি আগেই প্রকাশ করেছেন এবং তথ্য মিথ্যা হলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার চ্যালেঞ্জ জানিয়েছেন।
আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনাকে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, তিনি একটি মিথ্যা বয়ান ও অসত্য তথ্য ছিঁড়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে রাশেদ খান বলেন, দেশে জ্বালানি ও গ্যাসের সংকট রয়েছে। সরকার বিকল্প উপায়ে এ সংকট মোকাবিলার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন গ্যাসকূপ খনন বা গ্যাস অনুসন্ধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, বাজারের সিন্ডিকেট সরকারকে বিভিন্নভাবে অসহযোগিতা করছে। গ্যাসের সংকট সমাধান হলে সরকার মূল্য নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বিএনপি সরকারকে দুটি অপশক্তির মোকাবিলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে উল্লেখ করে রাশেদ খান বলেন, একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে।
এ সময় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনিসহ স্থানীয় বিএনপি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।