Wednesday, November 4, 2026

জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ সরকার: মজিবুর রহমান মঞ্জু


ছবিঃ সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ক্ষমতায় আসার পরও জনগণের বাস্তব সমস্যা সমাধানে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তাঁর মতে, সরকারের পরিকল্পনা এখন দফায় দফায় বিভিন্ন পণ্যের দাম বাড়ানো এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এবি স্বেচ্ছাসেবক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও ঊর্ধ্বমুখী। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বেড়ে চলেছে। এতে মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, গত ৫৪ বছর ধরে প্রচলিত ধারার রাজনীতি চলছে। রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্য ছিল রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করা এবং মানুষের জীবনমানের উন্নয়ন। এত আয়োজনের পরও রাষ্ট্রকে কেন কাঙ্ক্ষিত পথে এগিয়ে নেওয়া যাচ্ছে না, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক পরিচয় ও বোঝাপড়ার অভাবের কারণে সামান্য বিষয়েও অবিশ্বাস ও দূরত্ব তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, মানুষ তখনই রাজনীতির প্রতি আগ্রহী হয়, যখন নিজেদের স্বার্থ ও অধিকারকে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত দেখতে পায়।

জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক পার্টিকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মঞ্জু বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করতে পারলে কী অর্জন সম্ভব, সেই স্বপ্ন ও সম্ভাবনার কথা মানুষের সামনে তুলে ধরতে হবে।

রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েও সমালোচনা করেন তিনি। মঞ্জুর অভিযোগ, আওয়ামী লীগ নানা আশ্বাস দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বিএনপিও এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন করতে পারছে না।

তিনি বলেন, রাজনীতি কেবল প্রতিশ্রুতির ফুলঝুরি নয়। জনগণের বাস্তব সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।

এবি স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব তোফাজ্জল হোসাইন রমিজের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, মো. আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী রাজা, এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও যুগ্ম সদস্যসচিব রাশিদা আক্তার মিতু।

এ ছাড়া বক্তব্য দেন মিজানুর রহমান মিঠু, কেন্দ্রীয় কমিটির সদস্য খোরশেদ আলম পলাশসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, সহকারী দপ্তর সম্পাদক মোহসীনুল হক চৌধুরী, নারী উন্নয়নবিষয়ক সহসম্পাদক শাহিনুর আক্তার শিলা, উদ্যোক্তা ও কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, গাজীপুর মহানগরের সদস্যসচিব মাসুদ জমাদ্দার, নাটোর জেলা আহ্বায়ক মোকাররেবুর রহমান নাসিমসহ এবি পার্টি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন