Wednesday, November 4, 2026

রাজাপুরে যুবক হত্যা: চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তার


ছবিঃ যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় চার দিন পর মামলার প্রধান আসামি মো. শাহজাহান হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতেও অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মঠবাড়িয়া উপজেলার মধ্য কবুতরখালী এলাকায় অভিযান চালিয়ে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। রাজাপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার মো. শহিদুল ইসলাম মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। পরে তাঁকে রাজাপুর থানায় নেওয়া হয়।

পুলিশ ও মামলার নথি অনুযায়ী, গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকার বাসিন্দা নুরে আলমকে তাঁর ভাড়া বাসা থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাঁকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর কাঠিপাড়া এলাকার কতবেলতলার একটি নালায় তাঁর মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. মাহে আলম বাদী হয়ে রাজাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। শাহজাহান হাওলাদারকে করা হয়েছে প্রধান আসামি।

শাহজাহান রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মৃত আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় শাহজাহানের অবস্থান শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কাউখালী থানায় এক পুলিশ সদস্যের স্ত্রী হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, নুরে আলম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন