Wednesday, November 4, 2026

সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে নিরাপত্তায় ২৪ প্লাটুন বিজিবি


ছবিঃ শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিকে কেন্দ্র করে সৃষ্ট শ্রম অসন্তোষের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় মোট ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) এসব এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। এর মধ্যে সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় পাঁচ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৩ প্লাটুন এবং নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিজিবি সদস্যরা। অন্যদিকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টহলও পরিচালনা করা হচ্ছে।

শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান অসন্তোষের মধ্যে শিল্পকারখানার কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।

শিল্পাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এই মোতায়েনের মূল লক্ষ্য বলে জানিয়েছে বিজিবি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন