Wednesday, November 4, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরে বিএনপির নেতা কর্মীর উৎসবের আমেজ


ফাইল ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

মোংলা বন্দরের অবকাঠামো উন্নয়ন, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাট ও খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে মোংলা বন্দরের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সরকারি সফরসূচিতে এসব তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে নিজ বাসভবন থেকে সড়কপথে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সকাল ১০টার দিকে সেখানে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

মোংলা বন্দরে পৌঁছে সকাল ১০টায় ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুটি আধুনিক কন্টেইনার জেটি নির্মাণসহ অন্যান্য উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বন্দরকেন্দ্রিক কর্মসূচি শেষে বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে মাজার জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে।

পরে প্রধানমন্ত্রী খুলনায় যাবেন। দুপুর ১টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউজে পৌঁছে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন তিনি।

দিনের শেষ কর্মসূচিতে বিকেল ৩টায় খুলনা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করা এবং তাদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী সফরের কর্মসূচি শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে তাঁর রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা থাকবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে মোংলা বন্দর ও খুলনায় সরকারি কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্দর উন্নয়ন ও ক্রীড়া আয়োজন দুই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সফরটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন