Tuesday, November 3, 2026

কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান, মামলার বিষয়ে আমিরের নির্দেশনার অপেক্ষায়


ছবিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। মুক্তির পর তিনি বলেছেন, সত্য ও ন্যায়ের পক্ষে রাজনীতি কখনো পরাজিত হবে না।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে জেলগেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

আখতারুজ্জামান বলেন, ‘সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না। ন্যায়ের রাজনীতি কখনো পরাজিত হবে না। সময় লাগতে পারে, কিন্তু চূড়ান্ত জয় সত্যের হবেই হবে, ন্যায়ের হবেই হবে।’

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, তাঁরা আল্লাহর পথে আছেন এবং আল্লাহর শাসন প্রতিষ্ঠা ও তাঁর সন্তুষ্টি অর্জনের পক্ষে কাজ করছেন।

মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীন বাংলাদেশের আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে জামায়াতের এ নেতা বলেন, তাঁরা সামনে এগিয়ে যেতে চান। জনগণের পাশে থাকা এবং তাঁদের অধিকার আদায়ের আন্দোলনে সম্পৃক্ত থাকার জন্য সবার কাছে দোয়া চান তিনি।

কারামুক্তির পর তাঁকে দেখতে আসা নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান আখতারুজ্জামান। তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি তাঁকে শক্তি জুগিয়েছে। তাঁদের সমর্থন নিয়ে প্রতিবাদ অব্যাহত রাখার কথাও জানান তিনি।

এদিকে, নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে বিস্তারিত বক্তব্য দেওয়ার আগে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন আখতারুজ্জামান।

তিনি বলেন, জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর নির্দেশনা নেওয়ার পর মামলার বিষয়ে যা সত্য, তা গণমাধ্যমকে জানাবেন। তবে এর আগে দলের প্রধানের নির্দেশনা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন