Tuesday, November 3, 2026

শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: তথ্য উপদেষ্টা


ফাইল ছবিঃ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

শেখ হাসিনা যত দিন জীবিত থাকবেন, তত দিন দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা অব্যাহত থাকতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে এ ধরনের নাশকতার চেষ্টা হলেও আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ সহজ হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা প্রকাশ করে তথ্য উপদেষ্টা বলেন, শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাঁর মতে, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা হতে পারে। তবে সরকার এ ধরনের তৎপরতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

শ্রমিকদের আন্দোলনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ায় পোশাকশ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আগেভাগেই মজুরি কমিশন গঠন করেছে। ফলে আন্দোলনের মূল দাবিগুলোর সমাধান হওয়ার কথা।

তিনি জানান, সাধারণত পাঁচ বছর পরপর পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেই হিসাবে ২০২৬ সালে নতুন করে মজুরি কমিশন গঠনের বাধ্যবাধকতা ছিল না। তারপরও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় সরকার কমিশন গঠন করেছে।

আন্দোলনে সহিংসতার ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ ধরনের কর্মকাণ্ডকে প্রকৃত পোশাকশ্রমিকদের আচরণ বলে মনে করেন না তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর অধীনস্থ বাহিনীগুলোর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ঘটনার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন থাকার কথা জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দলটি রাজনৈতিকভাবে এখন কোনো কিছু করতে পারবে বলে সরকার মনে করে না। তবে দলটির কাছে বিপুল অর্থ রয়েছে, যা ব্যবহার করে বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির চেষ্টা হতে পারে। এসব তৎপরতার সঙ্গে ডিসেম্বরের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তাঁর ব্যক্তিগত ধারণা, শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত এ ধরনের চেষ্টা চলতে পারে।

শ্রমিক আন্দোলনে প্রকৃত শ্রমিকদের পাশাপাশি অন্যদের অংশগ্রহণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। জাহেদ উর রহমান জানান, সরকার আগের মতো বলপ্রয়োগ করে আন্দোলন দমাতে চায় না। আন্দোলনে অংশ নেওয়া তরুণদেরও রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি ও ভোগান্তি কম রাখার চেষ্টা চলছে। শিগগিরই পরিস্থিতির অবসান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার তাঁকে দেশে ফিরিয়ে আনতে চায়। তিনি স্বেচ্ছায় ফিরুন কিংবা তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক সরকারের অবস্থান একই। তবে তাঁর পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বা ট্রাভেল পাস দেওয়ার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানাতে চাননি তিনি। পরিস্থিতি অনুযায়ী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান।

পুলিশের বলপ্রয়োগের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে শক্তি প্রয়োগ করতে হবে। আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যে চর্চা ছিল, তা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। পুলিশের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণের নীতি অনুসরণের চেষ্টা করছে বর্তমান সরকার।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন