- ০৩ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর কদমতলী থানার মাতুয়াইলে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাতে মাতুয়াইল মাতৃ ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। তাঁর অভিযোগ, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন। একই সঙ্গে এসব ঘটনায় বিরোধী দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রাশেদ খান তাঁর পোস্টে দাবি করেন, মাতুয়াইলে মধ্যরাতে বাসে আগুন দেওয়ার ঘটনা চলমান শ্রমিক আন্দোলনকে কাজে লাগিয়ে অস্থিরতা সৃষ্টির ধারাবাহিক প্রচেষ্টার অংশ। তাঁর ভাষ্য, এ ধরনের সহিংসতা বন্ধে বিরোধী দলগুলোকে সক্রিয় ভূমিকা নিতে হবে।
পোস্টে তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা থেকে বিরোধী দলগুলো যদি আওয়ামী লীগের কথিত সহিংস কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়, তাহলে তাদেরও এর পরিণতি ভোগ করতে হবে। দেশের মঙ্গল চাইলে বিরোধী দলগুলোকে রাজপথে নেমে এসব কর্মকাণ্ড প্রতিহত করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া আওয়ামী লীগ ও বিরোধী দলগুলোর মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রাশেদ খান। তাঁর মতে, বিরোধী দলগুলো প্রকৃতপক্ষে জুলাইয়ের গণহত্যার বিচার ও অপরাধীদের গ্রেপ্তার চায় কি না, তা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করতে হবে।
তবে বাসে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।