Tuesday, November 3, 2026

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের ফ্ল্যাটে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট


ছবিঃ আগুন লাগার পর ভবনের চারপাশে ধোঁয়ায় ছেয়ে গেছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

রাজধানীর ধানমন্ডিতে একটি ১৪ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ১০/এ এলাকার ২৭ নম্বর সড়কের একটি আবাসিক ভবনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৩টা ৪২ মিনিটে ইউনিট দুটি সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩৬ মিনিটের চেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভবনটির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লেগেছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়। তাদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পলাশী ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছিল। তবে মোহাম্মদপুরের ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় পথে থাকা ইউনিটগুলোকে ফিরিয়ে নেওয়া হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন