Saturday, November 7, 2026

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা


ফাইল ছবিঃ এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ নির্দেশনা অমান্য করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

শুক্রবার (৬ নভেম্বর) কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিভিন্ন মাধ্যমে পাওয়া গেছে। এ ধরনের অনিয়ম বন্ধে পরীক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পূরণের নামে কোনো অতিরিক্ত ফি না নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

নির্দেশনায় আরও স্পষ্ট করা হয়েছে, এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক থাকার পাশাপাশি বিজ্ঞপ্তির নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে কমিটি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন