Monday, November 9, 2026

প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি এবি পার্টির


ছবিঃ বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

প্রবাসী বাংলাদেশি কর্মীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি অভিবাসন প্রক্রিয়ায় প্রতারণা, অতিরিক্ত ব্যয় ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, প্রবাসীদের কেবল রেমিট্যান্স পাঠানোর মাধ্যম হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। তাঁরা দেশের নাগরিক এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু। এ সময় দলের প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানীও উপস্থিত ছিলেন।

মঞ্জু বলেন, প্রবাসী কর্মীদের শ্রম, ঘাম ও ত্যাগের ওপর দেশের অর্থনীতির বড় একটি অংশ নির্ভরশীল। অথচ বিদেশে কাজের সন্ধানে গিয়ে তাঁদের অনেককে প্রতারণা, ঋণের বোঝা, হয়রানি ও অনিশ্চয়তার মুখে পড়তে হয়। রেমিট্যান্সের হিসাবের বাইরে গিয়ে তাঁদের নিরাপদ অভিবাসন, ন্যায্য কর্মসংস্থান, আইনি সুরক্ষা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রবাসী কর্মীরা কোনো পণ্য নন; তাঁরা বাংলাদেশের নাগরিক। তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকারের কার্যকর ভূমিকা থাকা জরুরি। এ জন্য অভিবাসন ব্যবস্থার দুর্বলতা দূর করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে মালয়েশিয়াসহ বিভিন্ন শ্রমবাজারে দালালচক্র ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ, রাশিয়ায় কর্মসংস্থানের নামে প্রতারণা প্রতিরোধ এবং ইউরোপে বৈধ চাকরির ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর ওপর গুরুত্ব দেন এবি পার্টির নেতারা।

এ সময় সরকারের নীতিগত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন মঞ্জু। তিনি বলেন, বিএনপি সব ধরনের প্রতিকূলতা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে ৩১ দফা কর্মসূচি দিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে যেসব নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছিল, গণভোটে জনগণের রায়ের পর সেগুলোর রাজনৈতিক ভিত্তি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

মঞ্জু অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর এবং নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বসংক্রান্ত বিষয়ে আগে আপত্তি জানানো হলেও পরবর্তী সময়ে সরকারে এসে সংশ্লিষ্ট বিষয়ে ভিন্ন অবস্থান নেওয়া হয়েছে। গণভোটের রায় মেনে চলার ক্ষেত্রে সরকারের অনীহা কেন, সে প্রশ্নও তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রবাসী কর্মীদের স্বার্থে সরকারের কাছে সাত দফা দাবি তুলে ধরে এবি পার্টি। দাবিগুলো হলো: 

১. মালয়েশিয়াসহ সব শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

২. বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নিয়োগ ব্যয়ের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব প্রকাশ করতে হবে। কর্মীদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় বন্ধ করতে হবে।

৩. রাশিয়াসহ ঝুঁকিপূর্ণ শ্রমবাজারে নিয়োগকর্তা, চাকরির চুক্তি ও কাজের ধরন যাচাইয়ের জন্য বিশেষ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

৪. ইউরোপে বৈধ চাকরি ও ভিসা পাওয়া কর্মীদের জন্য জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় দিতে হবে।

৫. ইউরোপীয় ভিসার আবেদন ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের সেবা বাংলাদেশে সম্প্রসারণে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।

৬. বিদেশে প্রতারণা, বেতন না পাওয়া, পাসপোর্ট আটকে রাখা ও মানবপাচারের শিকার কর্মীদের দ্রুত আইনি সহায়তা এবং নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৭. প্রবাসী কর্মীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য সহজে ব্যবহারযোগ্য, সমন্বিত ও কার্যকর ডিজিটাল ব্যবস্থা চালু করতে হবে।

সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার, সহসাংগঠনিক সম্পাদক শাহজাহান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন