Sunday, November 8, 2026

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২


ছবিঃ চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সি এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও চারজন। রোববার (৮ নভেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং স্টেশন ও উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে হারবাং স্টেশন এলাকায়। চকরিয়া থেকে উত্তর হারবাংগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর সেনাবাহিনীর একটি দল দ্রুত আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছয় মাস বয়সি শিশু আরহামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। এ ঘটনায় তার মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), লাকির বড় বোন উর্মী আক্তার, বোরহানের তিন বছর বয়সি মেয়ে আরিশা জান্নাত এবং অটোরিকশাচালক জাফর আলম গুরুতর আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, একই মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় পৃথক আরেকটি দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মাহবুবুর রহমান সৌদি আরবপ্রবাসী ছিলেন। প্রায় তিন মাস আগে তিনি দেশে ফেরেন। রোববার সকালে প্রতিদিনের মতো মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে চকরিয়ায় এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন। পথে উত্তর হারবাং এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহতের ছেলে আবদুল আজিজের ভাষ্য, বাবার মৃত্যুর খবর পেয়ে তারা শোকাহত। অন্যদিকে, নিহতের ভাগিনা ও দৈনিক যুগান্তরের বান্দরবান দক্ষিণ প্রতিনিধি ইলিয়াস আরমান জানান, পেট্রোল পাম্পের কাছাকাছি পৌঁছালে কোনো একটি দ্রুতগতির যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনাটি কেউ সরাসরি দেখেছেন এমন তথ্য পাওয়া যায়নি। ফলে জড়িত যানবাহনটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল ইসলাম দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হারবাং স্টেশনে সেনাবাহিনীর পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে পাঁচজন আহত হন। তাদের মধ্যে ছয় মাস বয়সি শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অন্য দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় মহাসড়কের পাশে এক মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন