Saturday, November 7, 2026

মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ আটক স্বামী-স্ত্রী


ছবিঃ মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসায় আটক দম্পতি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ভোলা

ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসা পরিচালনার অভিযোগে এক দম্পতিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ঘটনাস্থলে থাকা দুই খদ্দের ও এক মোটরসাইকেলচালক পালিয়ে যান। পরে আটক নারীর কাছ থেকে ২৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের পুরোনো হাসপাতাল এলাকার স্লুইসগেট সংলগ্ন ঝোপ থেকে ওই দম্পতিকে আটক করা হয়। পরে স্থানীয়রা তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করেন। শনিবার (৭ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়।

আটক ব্যক্তির নাম মিজান। তিনি উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর স্ত্রী রাণি বেগম (ছদ্মনাম) উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়ভাবে মিজান ‘জাটকি মিজান’ নামে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে এক মোটরসাইকেলচালকের সহায়তায় স্ত্রীকে নিয়ে হাজিরহাট ইউনিয়নের পুরোনো হাসপাতাল এলাকার স্লুইসগেট সংলগ্ন বেড়িবাঁধে যান মিজান। অভিযোগ রয়েছে, ওই মোটরসাইকেলচালকের মধ্যস্থতায় দুই ব্যক্তির সঙ্গে পাঁচ হাজার টাকার বিনিময়ে যৌনকর্মের চুক্তি করেন তিনি।

পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে দম্পতি স্লুইসগেটের পাশের ঝোপে আশ্রয় নেন। স্থানীয়রা তাঁদের সেখান থেকে আটক করে পুলিশে খবর দেন। তবে মোটরসাইকেলচালক ও দুই খদ্দের ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশের দাবি, আটকের পর রাণি বেগমের কাছ থেকে ২৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে আটক দম্পতি ইয়াবা রাখার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, পেটের দায়ে তাঁরা যৌন ব্যবসায় জড়িয়েছেন। উদ্ধার হওয়া মাদক তাঁদের নয়; মোটরসাইকেলচালক মাজেদ তাঁদের কাছে সেগুলো রেখে পালিয়ে গেছেন।

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটক স্বামী-স্ত্রীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা মোটরসাইকেলচালক ও দুই ব্যক্তির বিষয়ে পরবর্তী কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন