Sunday, November 8, 2026

ঢাকার ধামরাইয়ে ৭২ ঘণ্টায় তিন বাসে আগুন, এলাকায় আতঙ্ক


ছবিঃ ধামরাইয়ে ৭২ ঘণ্টায় তিন বাসে আগুন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ঢাকার ধামরাইয়ে টানা তিন রাতে পৃথক স্থানে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার (৮ নভেম্বর) ভোররাতে উপজেলার শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি পোশাকশ্রমিক পরিবহণের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ধারাবাহিক এসব অগ্নিকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্নোটেক্স পোশাক কারখানার শ্রমিক পরিবহণে ব্যবহৃত ডি-লিংক পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-২৪৭৮) আফাজ উদ্দিন কলেজের সামনে সড়কের পাশে পার্ক করা ছিল। রোববার রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতামূলক অগ্নিসংযোগ বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। বাসটির মালিক লুৎফর রহমান বলে জানা গেছে।

এর আগে শুক্রবার ভোরে ধামরাই থানা রোডের পাশে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরদিন শনিবার ভোরে উপজেলার শ্রীরামপুর এলাকায় আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ওই দুই ঘটনার পর তৃতীয় রাতেও একই ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

একের পর এক বাসে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় পরিকল্পিত নাশকতার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষ করে রাতের বেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যানবাহনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) নাজমুল হুদা খান জানান, টানা তিন রাতে বাসে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ উদ্বিগ্ন। পরিস্থিতি বিবেচনায় পুলিশের টহল দলকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসব অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন