- ০৮ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম বিচ্ছিন্ন করে নতুন বরিশল ইউনিয়ন গঠনের প্রতিবাদে রেল ও সড়কপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ চলার পর জেলা বিএনপি নেতাদের আশ্বাসে রোববার (৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। তবে আগামী তিন দিনের মধ্যে দাবি পূরণ না হলে পুনরায় অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসুদেব ইউনিয়নের চান্দি, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি, বৈষ্ণবপুর ও বরিশল—এই ছয়টি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাবনায় ইউনিয়নটি গঠিত হয়। তার বাড়িও বরিশল গ্রামে। আগে গ্রামটি বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।
তবে দীর্ঘদিনের বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে নতুন ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। এ সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন তারা। স্থানীয় বিএনপির একটি অংশও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে।
এরই ধারাবাহিকতায় রোববার সকাল ৬টা থেকে কোড্ডা এলাকায় রেলপথ ও সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ বাসিন্দারা। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে রেল যোগাযোগও ব্যাহত হয়। খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিলে তারা তিন দিনের জন্য অবরোধ স্থগিত করতে সম্মত হন।
বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, আপাতত তিন দিনের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। এ সময়ের মধ্যে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসন ও জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবে। দাবি পূরণ না হলে আবারও অবরোধ কর্মসূচি পালন করা হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক করা হবে। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী অন্তত সাতটি আন্তনগর ট্রেন বিভিন্ন রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন এসব ট্রেনের যাত্রীরা।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. রফিকুল ইসলাম জানান, অবরোধ তুলে নেওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।