- ০৮ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে পাওয়া চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। গোড়ালির চোটের ধরন গুরুতর হওয়ায় আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। তার পরিবর্তে দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন গোড়ালিতে চোট পান সাদমান। চোটের তীব্রতা এতটাই ছিল যে মাঠ থেকে তাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যেতে হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের এক সদস্য ক্রিকবাজকে জানিয়েছেন, সাদমানের গোড়ালির টিস্যু ছিঁড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি হাড়ে চিড় ধরেছে কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে। এ কারণে দক্ষিণ আফ্রিকা সফরে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
সাদমানের অনুপস্থিতিতে চলমান সিলেট টেস্টের বাকি অংশে একজন ব্যাটার কম নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে তার বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছেন ময়মনসিংহের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।
ক্রিকবাজের তথ্য অনুযায়ী, রবিন বর্তমানে সিলেটে জাতীয় দলের সঙ্গেই অবস্থান করছেন। দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির অংশ হিসেবে দলের কোচদের তত্ত্বাবধানে নেট অনুশীলনও চালিয়ে যাচ্ছেন তিনি। তবে তার অন্তর্ভুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট খেলতে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে।
টেস্ট সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ। তবে সাদমানের চোটে সফরের টেস্ট দল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।