Wednesday, November 4, 2026

রাফিনিয়া জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে হারাল বার্সেলোনা


ছবিঃ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ও লামিনে ইয়ামাল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলার জয়ের ধারায় ছেদ টানল বার্সেলোনা। মঙ্গলবার (৩ নভেম্বর) নিজেদের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে ইংলিশ ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। অন্য গোলটি লামিনে ইয়ামালের।

আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হারের পর এই জয়ে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। লিগ পর্বের শীর্ষ আটে জায়গা পাওয়ার লড়াইয়েও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেল দলটি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। সপ্তম মিনিটে জোয়াও গোমেসের ভুল পাস থেকে বল পেয়ে গোল করেন ইয়ামাল। নিজেদের ডি-বক্স থেকে বল সরাতে গিয়ে গোমেসের পাস সরাসরি পৌঁছে যায় বার্সেলোনার তরুণ উইঙ্গারের কাছে। সুযোগ কাজে লাগিয়ে গোলরক্ষক জিয়ন সুজুকিকে পরাস্ত করেন তিনি।

এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে কিশোর বয়সী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ডও নিজের করে নেন ইয়ামাল। প্রতিযোগিতায় তাঁর গোলসংখ্যা এখন ১৪। পেছনে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে, যিনি কিশোর বয়সে করেছিলেন ১৩ গোল। তালিকায় তৃতীয় স্থানে আর্লিং হালান্ডের গোল ১০টি।

প্রথমার্ধে সমতায় ফেরার চেষ্টা করে অ্যাস্টন ভিলা। ম্যাটি ক্যাশ ও জোয়াও গোমেসের কয়েকটি প্রচেষ্টা বার্সেলোনার রক্ষণ ও গোলরক্ষক সামাল দেন। অন্যদিকে স্বাগতিকদের চাপ সামলে নিজেদের রক্ষণ থেকে বল বের করতে বেশ ভুগতে হয় উনাই এমেরির দলকে। বিরতির আগে দুই দলই পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করলেও আর গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে ফিরে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ফারমিন লোপেজের কাছ থেকে বল পেয়ে রক্ষণ ভেদ করে নিখুঁত শটে গোল করেন রাফিনিয়া। পরে জোয়াও কানসেলোর ক্রস থেকে কাছ থেকে পা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাঁর ১৯তম গোল।

ম্যাচের আগে চ্যাম্পিয়নস লিগের ঐতিহ্যবাহী সংগীত বাজানো হয়নি। আগের দিন স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে সংঘর্ষের পর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেলের প্রতি শ্রদ্ধা জানাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ম্যাচ শেষে রাফিনিয়া বলেন, জয়টি সমর্থকদের উৎসর্গ করতে চান, তবে ওই দিন ফুটবল নিয়ে কথা বলতে চান না। তিনি প্রয়াত খেলোয়াড়ের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের শক্তি ও সাহস কামনা করেন।

বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি ভিলা কোচ উনাই এমেরির জন্যও ছিল স্মরণীয় এক পরীক্ষার মতো। ২০১৭ সালে পিএসজির কোচ থাকাকালে বার্সেলোনার মাঠে ৬-১ গোলের হারের অভিজ্ঞতা হয়েছিল তাঁর। এবারও শুরুতে গোল হজম করে চাপে পড়লেও শেষ পর্যন্ত বার্সেলোনার আক্রমণ সামলাতে পারেনি ভিলা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন