- ০৪ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। টুর্নামেন্টের টিকিট পেতে সমর্থকদের আগ্রহ এরই মধ্যে নতুন উচ্চতায় পৌঁছেছে। আইসিসির তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১২ কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। নিবন্ধনের সময় শেষ হতে বাকি তিন সপ্তাহেরও কম।
সোমবার (২ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি বলছে, ১৯৩টি দেশের প্রায় ৩০ লাখ সমর্থক টিকিটের জন্য আবেদন করেছেন। পাশাপাশি বিভিন্ন ম্যাচের জন্য নিবন্ধনের সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটি ২০ লাখ।
১৪ দল নিয়ে ২০২৭ সালের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। টিকিটের চাহিদায় সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত–পাকিস্তান ম্যাচ। ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠেয় গ্রুপ পর্বের এই ম্যাচের জন্য প্রায় ৮৪ লাখ আবেদন জমা পড়েছে। একই মাঠে ২১ নভেম্বরের ফাইনালের টিকিট চেয়ে আবেদন করেছেন প্রায় ৮০ লাখ সমর্থক।
টিকিট নিবন্ধনে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সমর্থকেরা এগিয়ে আছেন। আফ্রিকা মহাদেশ থেকেই জমা পড়েছে ১ কোটি ৪৯ লাখের বেশি আবেদন। দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে ৪১টি ম্যাচের জন্য আবেদন এসেছে ১০ কোটি ৫০ লাখের বেশি। এর মধ্যে স্বাগতিক দলের ম্যাচগুলোর টিকিট চেয়ে আবেদন পড়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ।
জিম্বাবুয়েতে টিকিটের আবেদন ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ। দেশটির ভিক্টোরিয়া ফলসে নতুন ‘মোসি-ওআ-তুনিয়া’ স্টেডিয়ামে ২৪ অক্টোবর জিম্বাবুয়ে–ভারত ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে ৩৩ লাখের বেশি। আর নামিবিয়ার রাজধানী উইন্ডহকে ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ছয়টি ম্যাচের জন্য আবেদন এসেছে ২০ লাখের বেশি। এর মধ্যে ৮ অক্টোবর ইংল্যান্ড–বাংলাদেশ ম্যাচের টিকিট চেয়ে আবেদন পড়েছে প্রায় ৯ লাখ।
আইসিসির ইভেন্টস অ্যান্ড অপারেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা বলেন, বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের সাড়া অভূতপূর্ব। তাঁর মতে, এই আগ্রহ টুর্নামেন্টের বৈশ্বিক আবেদন এবং ২৪ বছর পর আফ্রিকায় পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ ফেরার গুরুত্ব তুলে ধরছে।
টিকিটের জন্য আবেদন করার ব্যালট উইন্ডো ২১ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে। আগ্রহীরা আইসিসির নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে পছন্দের ম্যাচ বেছে নিবন্ধন করতে পারবেন। এই সময়ের মধ্যে নিবন্ধন না করলে ব্যালটের মাধ্যমে টিকিট পাওয়ার সুযোগ থাকবে না।