- ০৪ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ নারী ক্রিকেট দলের কয়েকজন ক্রিকেটারকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। তবে ভুক্তভোগীদের পরিচয় ও গোপনীয়তা রক্ষার স্বার্থে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে মাহিন এম রহমান বলেন, প্রতিবেদন প্রকাশ করলে হাইকোর্টের নির্দেশনার পরিপন্থী হবে। ভুক্তভোগীদের পরিচয় গোপন রাখতেই প্রতিবেদনটি জনসমক্ষে আনা হবে না।
যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করে বিসিবি। পরে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে হাইকোর্টের দুটি বেঞ্চে রিট করেন তিনি।
রিটের শুনানির সময় বিসিবি আদালতে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করে। সেই প্রতিবেদনে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানান বোর্ডের আইনজীবী।
মাহিন এম রহমান আরও বলেন, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে ২০০৯ সালের ১৪ মে হাইকোর্টের দেওয়া রায়ের ভিত্তিতে বিসিবি ইতোমধ্যে এ ধরনের অভিযোগ মোকাবিলায় একটি কমিটি গঠন করেছে।
তদন্ত প্রতিবেদন প্রকাশের বিষয়ে বিসিবির অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, গোপনীয়তার নীতিমালা এবং আদালতের নির্দেশনা মেনেই প্রতিবেদনটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।