- ০৮ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দূর থেকে নেওয়া শটে গোল করাকে যেন অভ্যাসে পরিণত করেছেন রিয়াল মাদ্রিদের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। বক্সের বাইরে থেকে নিখুঁত লক্ষ্যভেদে বারবার নিজের দক্ষতার পরিচয় দিচ্ছেন তিনি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার সর্বশেষ ম্যাচেও দুর্দান্ত এক দূরপাল্লার গোলে দলকে এগিয়ে দিয়ে সেই সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই মিডফিল্ডার।
শনিবার (৭ নভেম্বর) রাতে লা লিগার ১২তম রাউন্ডের ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৮ মিনিটে প্রতিপক্ষের বক্সের বাইরে থেকে জোরালো শটে জালের দেখা পান ভালভার্দে। তার সেই গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা।
এই গোলের মধ্য দিয়ে একুশ শতকে লা লিগায় দূরপাল্লার শটে গোল করার ক্ষেত্রে সেরাদের তালিকায় নিজের অবস্থান আরও স্পষ্ট করেছেন ভালভার্দে। স্পেনের পরিসংখ্যানভিত্তিক অ্যাকাউন্ট ‘মিস্টারচিপ’-এর তথ্য অনুযায়ী, লা লিগায় এখন পর্যন্ত করা তার ২৬ গোলের ১৬টিই এসেছে বক্সের বাইরে থেকে। অর্থাৎ প্রতিযোগিতাটিতে তার মোট গোলের প্রায় ৬২ শতাংশই দূরপাল্লার শটে।
এই পরিসংখ্যান তাকে একুশ শতকে লা লিগায় দূর থেকে গোল করার অনুপাতে পঞ্চম স্থানে রেখেছে। তালিকায় তার ওপরে রয়েছেন আসুনসাও, যার ২৪ গোলের মধ্যে ১৯টিই বক্সের বাইরে থেকে করা। প্রায় ৭৯ শতাংশ গোল এসেছে দূরপাল্লার শটে।
দ্বিতীয় অবস্থানে আছেন ব্রাজিলের কিংবদন্তি রবার্তো কার্লোস। তার ২৭ গোলের মধ্যে ১৯টি এসেছে বক্সের বাইরে থেকে, যা মোট গোলের প্রায় ৭০ শতাংশ। এরপর ৬৫ শতাংশ করে দূরপাল্লার গোল নিয়ে যৌথভাবে অবস্থান করছেন জেনা ও টিকো। দুজনেরই ২০ গোলের মধ্যে ১৩টি বক্সের বাইরে থেকে করা।
অন্যদিকে, ২০১৭ সালের সেপ্টেম্বরে লা লিগায় অভিষেকের পর থেকে দূরপাল্লার গোলে ভালভার্দের চেয়ে এগিয়ে রয়েছেন মাত্র দুজন। তারা হলেন বার্সেলোনার আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি এবং স্প্যানিশ ফরোয়ার্ড ইয়াগো আসপাস। এই সময়ে মেসির বক্সের বাইরে থেকে গোল ৩৪টি, আর আসপাসের ২০টি।
মাঠের মাঝখান থেকে আক্রমণ তৈরি করা, প্রতিপক্ষের রক্ষণ ভেঙে এগিয়ে যাওয়া কিংবা দূর থেকে গোলের চেষ্টা সব ক্ষেত্রেই ভালভার্দের কার্যকারিতা রিয়াল মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে তার সর্বশেষ গোলও সেই আক্রমণাত্মক দক্ষতার আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকল।