Saturday, November 7, 2026

হৃদয়ের দেড়শতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, সিলেট টেস্টে জমে উঠেছে লড়াই


ছবিঃ তাওহিদ হৃদয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সিলেট

সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। একপর্যায়ে ইনিংস দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কাও দেখা দেয়। তবে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে সেই বিপর্যয় থেকে টেনে তুলেছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দেড়শ রানে রূপ দিয়েছেন এই ব্যাটার। তাঁর ব্যাটে ভর করে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ।

শনিবার (৭ নভেম্বর) তৃতীয় দিনের খেলা শুরু হয় আগের দিনের ৩ উইকেটে ৮৮ রান নিয়ে। ২৯ রানে অপরাজিত থাকা হৃদয়ের সঙ্গে ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম, যিনি আগের দিন শেষ করেছিলেন ১৬ রানে। দিনের শুরুতে দুজনের ব্যাটে আশার সঞ্চার হলেও ৩৪ রান করে মুশফিকের বিদায়ে সেই ছন্দে ছেদ পড়ে।

এরপর ক্রিজে আসেন লিটন দাস। একদিকে নিজের প্রথম টেস্ট ফিফটির দেখা পান হৃদয়, অন্যদিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান বাড়ানোর চেষ্টা করেন লিটন। দুটি বাউন্ডারি হাঁকালেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ফুল লেংথের অফ স্টাম্পের বল ড্রাইভ করতে গিয়ে কাভারে ব্রেন্ডন কিংয়ের হাতে ক্যাচ তুলে দেন লিটন। ৮ রানেই থামে তাঁর ইনিংস।

লিটনের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজও বড় ইনিংস গড়তে পারেননি। ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংসে যখন চাপ বাড়ছিল, তখন ধৈর্য ও দৃঢ়তায় ব্যাটিং চালিয়ে যান হৃদয়।

তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাইজুল ইসলাম। দুজনের ব্যাটে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পায় বাংলাদেশ। নিজের ইনিংসকে বড় করতে করতে টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক পেরিয়ে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন হৃদয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান। হৃদয়ের বড় ইনিংসে ভর করে সিলেট টেস্টে নতুন করে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন