Monday, November 9, 2026

সাগর-পাহাড়ের জনপদে অপরাধের ছায়া, নিরাপত্তা ফেরাতে টেকনাফে যৌথ অভিযান


ছবিঃ নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে অপরাধীরা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কক্সবাজার

একসময় সাগরে মাছ ধরা, কৃষিকাজ, লবণ চাষ, সুপারি বাগান ও পর্যটন ব্যবসাই ছিল কক্সবাজারের টেকনাফের মানুষের জীবিকার প্রধান অবলম্বন। সীমান্তবর্তী এই জনপদের অর্থনীতি ও জীবনযাত্রা আবর্তিত হতো সাগর, পাহাড় ও কৃষিকে ঘিরে। কিন্তু সময়ের সঙ্গে মাদক পাচার, অপহরণ, মানব পাচার ও অবৈধ অস্ত্রের বিস্তারে বদলে গেছে এলাকার চিত্র। অপরাধী চক্রের দৌরাত্ম্যে দীর্ঘদিন ধরে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

বিশেষ করে ২০১৭ সালে মিয়ানমার থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর স্থানীয় ও রোহিঙ্গাদের একাংশের যোগসাজশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে বলে অভিযোগ রয়েছে। অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক ও মানব পাচারের পাশাপাশি অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এসব অপরাধের কারণে একসময় পরিচিত শান্ত জনপদ টেকনাফ এখন নিরাপত্তা সংকটে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, অপহরণকারীরা অনেক সময় পরিবারের সদস্যদের সামনেই মানুষকে তুলে নিয়ে যায়। মুক্তিপণের টাকা আদায়ে নির্যাতন, হত্যার হুমকি এবং অস্ত্রের ভয় দেখানো তাদের অপরাধের কৌশলে পরিণত হয়েছে। সামান্য বিরোধের জেরেও জি-৩, ৯ এমএম ও একে-৪৭-এর মতো আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এমনকি ব্যক্তিগত বিরোধ মেটাতে প্রতিপক্ষকে অপহরণকারী চক্রের হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেও অনেকে হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা ব্যক্তিদের কাছ থেকে পাওয়া নির্যাতনের বিবরণ স্থানীয়দের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতির পরিবর্তন চেয়ে বিভিন্ন সময়ে মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।

এ অবস্থায় টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান জোরদার করা হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিরাপত্তা তৎপরতা বাড়ানোর পাশাপাশি স্থাপন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ক্যাম্প।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার হ্নীলা ইউনিয়নের ২৪ ও ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে দুর্গম পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় পাহাড়ে অবস্থানরত সশস্ত্র পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর সদস্যদের গোলাগুলি হয়।

গোলাগুলিতে রামু সেনানিবাসের অধীন রঙ্গিখালী সেনা ক্যাম্প-১-এর সদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে।

এদিকে অভিযানের মুখে অপরাধী চক্রের সদস্যদের আত্মগোপন এবং পরিচয় ও বেশভূষা পরিবর্তনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গ্রেফতার এড়াতে কেউ ধর্মীয় পোশাক পরে সাধারণ মানুষের সঙ্গে মিশছেন, কেউ ছোটখাটো দোকান খুলে ব্যবসায়ী পরিচয়ে অবস্থান করছেন। আবার কেউ টেকনাফ ছেড়ে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিচ্ছেন কিংবা আগে থেকে তৈরি বাড়িতে আশ্রয় নিচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে লেদা এলাকার এক বাসিন্দা বলেন, যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হওয়ার আশঙ্কায় বড় বড় মাদক, মানব পাচার ও অপহরণকারী চক্রের সদস্যরা নিজেদের পরিচয় আড়াল করার চেষ্টা করছেন। তাঁদের অনেকে স্বাভাবিক জীবনযাপনের আড়ালে আত্মগোপনে রয়েছেন বলে তাঁর দাবি।

ওই বাসিন্দার আশঙ্কা, এসব চক্রের সদস্যদের হাতে এখনো অবৈধ অস্ত্র রয়েছে। তাই শুধু অপরাধীদের গ্রেফতার করলেই হবে না, তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার এবং অপরাধে সহযোগিতাকারীদেরও তদন্তের মাধ্যমে শনাক্ত করতে হবে। অপরাধীদের আশ্রয়দাতা ও সহযোগীদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, ২০১৭ সালে বিপুলসংখ্যক রোহিঙ্গা আসার পর স্থানীয় জনগোষ্ঠী জমি, শ্রমবাজার ও কর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্রে চাপে পড়েছে। স্থানীয়দের একাংশ এবং মিয়ানমারের কিছু নাগরিক মিলে মাদক, মানব পাচার ও অপহরণের মতো অপরাধে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই অভিযান চালিয়ে আসছে। বর্তমানে যৌথ বাহিনীর তৎপরতা বাড়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরছে। অপরাধীর কোনো নির্দিষ্ট রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় পরিচয় নেই। অপরাধী যত প্রভাবশালীই হোক, তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধী চক্রের সদস্যদের গ্রেফতারে যৌথ বাহিনী কাজ করছে। অপরাধীরা পরিচয় বা বেশভূষা পরিবর্তন করলেও তাদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের যৌথ বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অপরাধীরা নিজেদের রক্ষায় যতই পরিচয় বা বেশভূষা পরিবর্তন করুক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান থেকে তাদের রেহাই পাওয়ার সুযোগ নেই।

এদিকে রোববার মানব পাচারকারীদের মধ্যে গোলাগুলির ঘটনায় জড়িত ডাকাত, মাদক ও মানব পাচার চক্রের সদস্যদের গ্রেফতারে হ্নীলা ইউনিয়নের মোচনী নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুটি ফাইভ স্টার পিস্তল, চার রাউন্ড গুলি এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সব মিলিয়ে টেকনাফে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথ বাহিনীর অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তবে শুধু অভিযান চালিয়ে সাময়িক নিয়ন্ত্রণ নয়, অপরাধী চক্রের মূল হোতা, অর্থের জোগানদাতা, অস্ত্র সরবরাহকারী ও আশ্রয়দাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি তাঁদের। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপহরণ ও মানব পাচারের শিকার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাকেও জরুরি বলে মনে করছেন তাঁরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন