Tuesday, November 10, 2026

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


ছবিঃ শ্রমিক অসন্তোষে ফের উত্তাল আশুলিয়া (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ নয় দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভে নামলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ছয় পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় স্বাভাবিকভাবে কাজে যোগ দেন শ্রমিকেরা। তবে কিছু সময় পর শারমিন গ্রুপের একটি ফ্লোর, এনভয়, স্টারলিংসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে নিজ নিজ প্রতিষ্ঠানের ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরে পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

ছুটি ঘোষণার পর সকাল ১০টার দিকে শ্রমিকেরা আশপাশের অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিক ও পুলিশের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং কাঁদানে গ্যাস ব্যবহারের ঘটনা ঘটে।

একপর্যায়ে তিনটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। সংঘর্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন।

এদিকে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আশুলিয়ায় অবস্থিত নিউএইজ গ্রুপের সব কারখানা ১০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের কারণে কারখানা কর্তৃপক্ষ ৩০টি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ছয় পুলিশ সদস্য আহত হন। তাঁদের মধ্যে একজনের চোখের ওপরে আঘাত লেগেছে।

এলাকার একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তা জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ায় আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করতে হয়েছে। একটি কারখানার শ্রমিকেরা বাইরে বেরিয়ে অন্য প্রতিষ্ঠানের শ্রমিকদেরও কাজে যোগ না দেওয়ার আহ্বান জানান। কেউ বের হতে না চাইলে কয়েকটি কারখানার দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে নিরাপত্তার স্বার্থে আশপাশের প্রতিষ্ঠানগুলোও ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

দুপুর দেড়টার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে শিল্পাঞ্চলে উত্তেজনা কমে আসে। তবে সংঘর্ষ ও বিক্ষোভের প্রভাবে আশুলিয়ার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিকের তুলনায় কমে যায়। শ্রমিকদের নয় দফা দাবি এবং শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে শ্রমিক, কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে উদ্বেগ অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন