- ১১ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। শরীয়তপুর
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পদ্মা নদীর জোয়ারের পানিতে মানুষের আকৃতির একটি বস্তু ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। কাছে গিয়ে সেটি মানুষের মরদেহ বলে ধারণা করেন তাঁরা। পরে বিষয়টি মাঈজঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি একজন পুরুষের। তবে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন থাকায় তাঁর পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। পরিচয় আড়াল করা কিংবা হত্যাকাণ্ডের আলামত গোপন করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
উদ্ধারের পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে বুধবার ময়নাতদন্তের জন্য সেটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাঈজঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। শরীরের মূল অংশ ছাড়া অন্য কোনো অঙ্গ পাওয়া যায়নি। এ কারণে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ এবং আনুমানিক কত দিন আগে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত করতে আশপাশের থানাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।