Monday, November 9, 2026

চোখের সামনে ভার্চ্যুয়াল জগৎ, স্ন্যাপের স্পেকসে প্রযুক্তির নতুন অভিজ্ঞতা


ছবিঃ চশমা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

স্মার্ট চশমার বাজারে নতুন মাত্রা যোগ করতে চায় স্ন্যাপ। প্রতিষ্ঠানটির তৈরি অগমেন্টেড রিয়েলিটি (এআর) চশমা ‘স্পেকস’ আগের সংস্করণের তুলনায় ওজনে হালকা, পরতে আরামদায়ক এবং তাপ উৎপাদনের সমস্যাও অনেকটা কাটিয়ে উঠেছে। তবে যন্ত্রটির নকশায় উল্লেখযোগ্য উন্নতি হলেও দৈনন্দিন জীবনে ঠিক কী কাজে এটি ব্যবহার করা হবে, তা নিয়ে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। প্রায় ২ হাজার ২০০ ডলার দাম হওয়ায় সাধারণ ক্রেতাদের কাছে এর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) স্পেকসের একটি প্রাথমিক সংস্করণ ব্যবহারের সুযোগ পেয়েছিলেন প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদক। তখন চশমাটি ছিল বেশ ভারী, ওজন প্রায় ৮ আউন্স। মুখে পরলে অস্বস্তি হতো এবং ব্যবহারের সময় অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যাও দেখা দিয়েছিল। দীর্ঘ সময় ব্যবহারে মুখে ঝিনঝিনে অনুভূতি তৈরি হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

অক্টোবরের শেষ দিকে সানফ্রান্সিসকোতে স্ন্যাপের দলের সঙ্গে আবারও চশমাটি পরীক্ষা করেন ওই প্রতিবেদক। এর মধ্যে প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী ইভান স্পিগেলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্পেকসের পরিচয় প্রকাশ করেছে এবং পণ্যটির আগাম অর্ডার নেওয়াও শুরু হয়েছে।

নতুন সংস্করণে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ওজন ও গঠনে। আগের তুলনায় প্রায় অর্ধেক ওজন কমিয়ে চশমাটির ওজন করা হয়েছে ১৩২ গ্রাম বা প্রায় ৪ দশমিক ৬ আউন্স। পরীক্ষামূলক ব্যবহারে এটি আগের চেয়ে অনেক বেশি আরামদায়ক মনে হয়েছে। প্রায় এক ঘণ্টা ব্যবহারের সময় আগের মতো অতিরিক্ত গরম হওয়ার সমস্যাও দেখা যায়নি।

ব্যবহারকারীর মাথার আকার অনুযায়ী মানিয়ে নিতে স্পেকস বাজারে আসছে ৪৭ ও ৫২ মিলিমিটারের দুটি মাপে। এতে রয়েছে স্প্রিং-যুক্ত হিঞ্জ, যা চশমার কাঠামোকে নমনীয় করেছে এবং পরার সময় আরাম বাড়িয়েছে।

নতুন স্পেকসের সম্ভাব্য ব্যবহার নিয়ে পরীক্ষকের পর্যবেক্ষণে কয়েকটি ক্ষেত্র উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ভ্রমণের সময় সিনেমা বা টেলিভিশন অনুষ্ঠান দেখা, বই পড়া এবং ছবি ও ভিডিও ধারণ।

বাস, ট্রেন কিংবা বিমানে দীর্ঘ সময় কাটানোর ক্ষেত্রে চশমাটি ব্যক্তিগত বিনোদনের বিকল্প হতে পারে। সাধারণ মুঠোফোনের পর্দায় ভিডিও দেখার তুলনায় এর মাধ্যমে আরও বড় ও নিমগ্ন দৃশ্যের অভিজ্ঞতা পাওয়া যায়। এই অভিজ্ঞতা বাড়াতে এইচবিও ম্যাক্স ও ইউটিউবের সঙ্গে সংযুক্তির সুবিধাও রেখেছে স্ন্যাপ।

পড়ার ক্ষেত্রেও চশমাটি কাজে আসতে পারে বলে মনে করছেন পরীক্ষক। এর পর্দায় নির্দিষ্ট লেখার দিকে মনোযোগ ধরে রাখা তুলনামূলক সহজ মনে হয়েছে। তবে সংবাদপত্র বা কিন্ডলের মতো বই পড়ার সেবা যুক্ত হলে ভ্রমণের সময় এটি আরও কার্যকর হয়ে উঠতে পারে।

এ ছাড়া চশমাটির ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণ করা যায়। ধারণ করা ভিডিও সহজেই বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে চলমান অবস্থায় অ্যাকশন ক্যামেরার মতো ভিডিও তৈরির সুবিধা সাধারণ ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় হতে পারে।

তবে কাজের জায়গায় কম্পিউটারের বিকল্প হিসেবে স্পেকস কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে। স্ন্যাপের দাবি, এই চশমার মাধ্যমে প্রায় যেকোনো স্থানকে নিমগ্ন ও নমনীয় কর্মক্ষেত্রে রূপান্তর করা সম্ভব। কিন্তু সাধারণ কর্মীদের জন্য মাথায় চশমা পরে কাজ করা প্রচলিত কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারের চেয়ে বেশি সুবিধাজনক হবে কি না, তা স্পষ্ট নয়।

চশমা পরে হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে নির্দেশনা দেওয়ার পদ্ধতিও সবার কাছে স্বাভাবিক বা স্বাচ্ছন্দ্যকর নাও মনে হতে পারে। পাশাপাশি বড় আকারের স্মার্ট চশমা পরে জনসমক্ষে কাজ করার বিষয়টি সামাজিক অস্বস্তি তৈরি করতে পারে।

গেমিংয়ের ক্ষেত্রেও বড় বাধা এর দাম। প্রায় ২ হাজার ২০০ ডলারের এই যন্ত্রের জন্য বিপুলসংখ্যক ক্রেতা পাওয়া কঠিন হতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। একই অর্থে তুলনামূলক কম দামে প্রচলিত গেমিং কনসোল কেনা সম্ভব। স্পেকসে কিছু আকর্ষণীয় গেম থাকলেও সেগুলো ব্যবহারকারীদের এত বেশি অর্থ খরচে কতটা উৎসাহিত করবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

স্পেকসের উল্লেখযোগ্য প্রযুক্তিগত দিকগুলোর একটি হলো ‘স্পেশাল সিঙ্কিং’ ব্যবস্থা। এর মাধ্যমে দুজন ব্যবহারকারী একই সময়ে একই ভার্চ্যুয়াল দৃশ্য বা অভিজ্ঞতা দেখতে পারেন। প্রযুক্তিটি আরও উন্নত করা গেলে যৌথ বিনোদন, শিক্ষা কিংবা দূরবর্তী সহযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে।

সব মিলিয়ে স্ন্যাপের স্পেকস প্রযুক্তিগতভাবে সম্ভাবনাময় একটি ডিভাইস। ওজন কমানো, আরামদায়ক নকশা এবং একাধিক ডিজিটাল অভিজ্ঞতাকে একই যন্ত্রে যুক্ত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অগ্রগতি দেখিয়েছে। তবে পণ্যটির জন্য এখনো এমন কোনো নির্দিষ্ট ব্যবহারক্ষেত্র তৈরি হয়নি, যা সাধারণ মানুষকে দৈনন্দিন জীবনে এটি ব্যবহারে উৎসাহিত করবে।

প্রযুক্তির পরবর্তী সংস্করণগুলোতে নতুন সুবিধা যুক্ত করে স্পেকসকে আরও কার্যকর করে তোলার সুযোগ রয়েছে। কিন্তু বর্তমান সুবিধার তুলনায় ২ হাজার ২০০ ডলারের দাম অনেক ক্রেতার কাছে বেশি মনে হতে পারে। শেষ পর্যন্ত স্পেকসের সাফল্য নির্ভর করবে প্রযুক্তিগত চমককে কতটা বাস্তব প্রয়োজনের সঙ্গে যুক্ত করতে পারে স্ন্যাপ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন