Wednesday, November 4, 2026

এআই ডেটা সেন্টারে বিদ্যুৎ জোগাতে উড়োজাহাজের পুরোনো জেট ইঞ্জিন


ছবিঃ পেলেন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

বিদ্যুৎ সংযোগ পেতে দীর্ঘ অপেক্ষা এবং নতুন টারবাইন সরবরাহে বিলম্বের কারণে কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের বিকল্প পথে হাঁটছে। অবসর নেওয়া উড়োজাহাজের জেট ইঞ্জিন নতুন করে তৈরি করে প্রাকৃতিক গ্যাসে চালানো হচ্ছে এসব স্থাপনায় বিদ্যুৎ সরবরাহের জন্য। মঙ্গলবার দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ ধরনের ইঞ্জিনকে স্থায়ী বিদ্যুৎকেন্দ্রের আদর্শ বিকল্প হিসেবে দেখা হচ্ছে না। তবে এআই অবকাঠামো দ্রুত সম্প্রসারণের তুলনায় বিদ্যুৎ সরবরাহ কতটা পিছিয়ে পড়েছে, তা এ উদ্যোগে স্পষ্ট হচ্ছে। বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানগুলোর কাছে বড় সুবিধা হলো—রূপান্তরিত জেট ইঞ্জিন তুলনামূলক দ্রুত চালু করা যায়।

জ্বালানি বিশ্লেষক প্রতিষ্ঠান রিস্টাড এনার্জির বিশ্লেষক অডুন মার্টিনসেন নিউইয়র্ক টাইমসকে বলেন, দ্রুত বিদ্যুৎ পাওয়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাঁর ভাষ্য অনুযায়ী, জেট ইঞ্জিনভিত্তিক ইউনিট ব্যবহার করলে প্রায় ২৪ মাসের মধ্যে ডেটা সেন্টার চালু করা সম্ভব। অন্যদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসাবে, যুক্তরাষ্ট্রের নর্দার্ন ভার্জিনিয়ায় জাতীয় গ্রিডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ পেতে প্রায় সাত বছর লাগতে পারে।

বিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম নির্মাতা মিৎসুবিশি পাওয়ারের এক নির্বাহীর বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, গ্যাস টারবাইনের চাহিদা বেড়ে যাওয়ায় অধিকাংশ নতুন উৎপাদনক্ষমতা ২০৩১ সালের আগে পাওয়া কঠিন হতে পারে। বিদ্যুৎ সরবরাহের এই বিলম্ব ইতোমধ্যে কিছু ডেটা সেন্টার প্রকল্পের ব্যবসায়িক পরিকল্পনাতেও প্রভাব ফেলছে। গত মাসে যুক্তরাজ্যের লটনে একটি ডেটা সেন্টার প্রকল্পে প্রধান গ্রাহক হিসেবে সরে দাঁড়ায় মাইক্রোসফট। স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছিল, ২০৩০-এর দশকের শুরুর আগে পর্যাপ্ত বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে না।

জেট ইঞ্জিনভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার ব্যবহারকারীদের মধ্যে রয়েছে ইলন মাস্কের এআই প্রতিষ্ঠান এক্সএআই। নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, মিসিসিপিতে রূপান্তরিত আটটি জেট ইঞ্জিন টারবাইন স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। এগুলো মেমফিসে তাদের কলোসাস ২ ডেটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহে সহায়তা করছে। রাজ্য সরকারের অনুমতিপত্র ও স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। ইঞ্জিনগুলো সরবরাহ করেছে প্রোএনার্জি, যারা বোয়িংয়ের উড়োজাহাজে ব্যবহৃত জিই-র একটি ইঞ্জিন পুনর্নির্মাণ করে।

২০২৫ সালে টেক্সাসের অ্যাবিলিনে নিজেদের প্রথম স্টারগেট প্রকল্পে গ্যাস টারবাইন ব্যবহারের উদ্যোগ নেয় ওপেনএআই। ওই ক্যাম্পাস নির্মাণ করছে ডেনভারের স্টার্টআপ ক্রুসো। চলতি বছরের এপ্রিলে প্রোএনার্জির কাছ থেকে ১৩টি রূপান্তরিত ইউনিটের অর্ডার দেয় প্রতিষ্ঠানটি। সেপ্টেম্বরে অবশ্য সুপারসনিক যাত্রীবাহী উড়োজাহাজ তৈরির উদ্যোগ নেওয়া বুম সুপারসনিকের কাছ থেকে ২৯টি প্রাকৃতিক গ্যাস টারবাইন কেনার ১ দশমিক ২৫ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসে ক্রুসো। তবে প্রতিষ্ঠানটি টারবাইন ব্যবহারের পরিকল্পনা চালিয়ে যাচ্ছে বলে তখন জানিয়েছিল।

এদিকে, ডেটা সেন্টারগুলোকে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। তবে রূপান্তরিত জেট ইঞ্জিন ব্যবহারের সীমাবদ্ধতাও রয়েছে। নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত গ্যাস বিদ্যুৎকেন্দ্রের জন্য তৈরি টারবাইনের তুলনায় এসব ইঞ্জিন কম দক্ষ এবং দূষণ বেশি ঘটায়। একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজন হয় বেশি ইউনিট।

বিশেষজ্ঞদের একাংশের মতে, দ্রুত বিদ্যুৎ পাওয়ার প্রয়োজন মেটাতে রূপান্তরিত জেট ইঞ্জিন আপাতত কার্যকর বিকল্প হতে পারে। তবে এক–দুই বছরের মধ্যে দক্ষতা ও পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ বাড়লে এ ব্যবস্থার আকর্ষণ কমে যেতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন