- ০৩ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট | PNN
নতুন আইফোন ডুও বাজারে আসার পর গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া মিললেও চাহিদা অনুযায়ী ডিভাইস সরবরাহ করতে হিমশিম খাচ্ছে অ্যাপল। পণ্যটির শিপমেন্টে বিলম্বের বিষয়টি স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সাবিহ খান। তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে পারেননি তিনি।
সোমবার (২ নভেম্বর) অ্যাপলের অর্থবছরের চতুর্থ প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ-পরবর্তী এক সম্মেলনে এ বিষয়ে কথা বলেন সাবিহ খান। তিনি জানান, বর্তমানে আইফোন ডুওর সরবরাহ চাহিদার তুলনায় কম। উৎপাদন বাড়ানোর কাজ এগিয়ে চললেও কখন সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য আসবে, তা এখনই বলা কঠিন।
অ্যাপলের এই নতুন ডিভাইস কিনতে আগ্রহীদের অনেককেই দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে। বিক্রির শুরুতে অ্যাপল স্টোরে সরাসরি কেনাকাটা কিংবা আগাম অর্ডার করতে না পারা গ্রাহকদের ক্ষেত্রে ডেলিভারির সময় আগামী বছর পর্যন্ত গড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভেরাইজনও তাদের কিছু গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং ক্ষতিপূরণ হিসেবে উপহার কার্ড দেওয়ার প্রস্তাব দিয়েছে।
এর আগে গত অক্টোবরে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে আইফোন ডুওর চাহিদাকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছিল অ্যাপল। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ডিভাইসটির মজুত শেষ হয়ে যায়। ফলে নতুন অর্ডারের ক্ষেত্রে ডেলিভারির সময় পিছিয়ে পড়ে।
সাধারণত দক্ষ সরবরাহব্যবস্থাপনার জন্য পরিচিত অ্যাপলের ক্ষেত্রে এ ধরনের দীর্ঘ বিলম্ব বেশ তাৎপর্যপূর্ণ। তবে শুধু অ্যাপল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বিশ্বজুড়ে মেমোরি চিপের চাহিদা বেড়েছে। এতে চিপের দাম বাড়ার পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিপণ্য নির্মাতার উৎপাদন ব্যয়ও বেড়ে যাচ্ছে।
অ্যাপলের কর্মকর্তারাও জানিয়েছেন, মেমোরি চিপসহ বিভিন্ন উপকরণের বাড়তি খরচের প্রভাব মোকাবিলায় প্রতিষ্ঠানটি কয়েকটি পণ্যের দাম বাড়িয়েছে। সাবিহ খান বলেন, এ সিদ্ধান্তগুলো নিতে প্রতিষ্ঠানটি অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়েছে।
এদিকে আইফোন ডুওর উৎপাদন ও সরবরাহ বাড়াতে টাইটানিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান পেরিম্যানের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করছে অ্যাপল। নতুন ফোল্ডেবল ডিভাইসটির উপকরণ সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা জন টার্নাস জানিয়েছেন, পণ্যটি নিয়ে পর্যালোচক ও গ্রাহকদের কাছ থেকে পাওয়া প্রাথমিক সাড়া প্রতিষ্ঠানটিকে উচ্ছ্বসিত করেছে। যত দ্রুত সম্ভব গ্রাহকদের হাতে আইফোন ডুও পৌঁছে দিতে কাজ চলছে বলেও জানান তিনি।