Wednesday, November 4, 2026

তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দিচ্ছে বাংলাদেশ ব্যাংক


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং উপজেলা পর্যায়ে কর্মসংস্থান বাড়াতে ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় নতুন করে আবেদন নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তারা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ নভেম্বর; চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে এককালীন দেওয়ার কথা রয়েছে। অনুদানের অর্থ আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।

আগ্রহীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইটে।

বাংলাদেশ ব্যাংকের ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র লক্ষ্য হলো উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাঁদের মধ্য থেকে প্রকৃত উদ্যোক্তা নির্বাচন এবং অর্থায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি।

এর আগে কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে আবেদন নেওয়া হয়। ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা ওই পর্যায়ে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে। এর মধ্যে নেত্রকোণা থেকে সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন আসে। রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি এবং ঝিনাইদহে ২ হাজার ১৯১টি আবেদন জমা পড়ে। এ ছাড়া হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা হয়।

আবেদন যাচাই-বাছাই করে উদ্যোক্তা নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করা হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এর আগে জানিয়েছিলেন, কমিটিতে ব্যাংকারদের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরাও থাকবেন। তাঁদের সুপারিশের ভিত্তিতে আবেদনকারীদের নির্বাচন করে অর্থায়ন করা হবে।

কর্মসূচির নীতিমালা ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে জারি করা হয়। বিস্তারিত নীতিমালা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও এসএমই পোর্টালে পাওয়া যাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন