- ৩১ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
টানা দুই দফা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৩৩ টাকা। একই সঙ্গে কমানো হয়েছে অন্যান্য মানের স্বর্ণ ও রুপার দামও।
বাজুস জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এখন হলমার্ক করা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ১২৫ টাকা।
নতুন মূল্যতালিকায় ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। নতুন দরে ২১ ক্যারেট স্বর্ণের ভরিতে কমেছে ১ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ১ হাজার ১০৮ টাকা।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের অর্থাৎ বিশুদ্ধ স্বর্ণের দাম কমেছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।