- ৩১ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
নতুন বেতনকাঠামো অনুযায়ী আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন দেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার। তবে বেতন নির্ধারণের কাজ শেষ না হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে নতুন কাঠামোর বেতন পাচ্ছেন না। আপাতত তাঁদের আগের কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে। পরে বর্ধিত বেতন ও তিন মাসের বকেয়া অর্থ সমন্বয় করে পরিশোধ করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রশাসনিক ও কারিগরি কিছু জটিলতা রয়ে গেছে। দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এখনো নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের কাজ শেষ করতে পারেনি। এ কারণে সবার বর্ধিত বেতন একসঙ্গে দেওয়া সম্ভব হচ্ছে না।
বেতন নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেডের বিধান, বাড়িভাড়া ভাতা এবং পদোন্নতির পর আর্থিক সুবিধা হিসাব করতে গিয়ে অসংগতি দেখা দিয়েছে। এসব বিষয় নিষ্পত্তি না হওয়ায় কার বেতন কত হবে, তা চূড়ান্ত করতে দেরি হচ্ছে। পাশাপাশি সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস++-এর কারিগরি সমস্যাও বেতন নির্ধারণ ও পরিশোধে বাধা তৈরি করছে।
নতুন কাঠামো কার্যকর করতে গিয়ে দেখা দেওয়া জটিলতা সমাধানের জন্য অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন জানিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালেও ১ নভেম্বরের আগে একাধিক মন্ত্রণালয় ও বিভাগের সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
অর্থ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন তৈরি ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পর্যাপ্ত অভিজ্ঞতার অভাব থেকে কিছু জটিলতা তৈরি হয়েছে। অসংগতিগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শও নেওয়া হচ্ছে।
ফলে নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন পাওয়ার অপেক্ষায় থাকা অনেক কর্মকর্তা-কর্মচারীকে আপাতত আগের বেতনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। বেতন নির্ধারণের কাজ শেষ হলে তাঁদের প্রাপ্য বর্ধিত অর্থ ও বকেয়া সমন্বয় করে দেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।