Wednesday, November 4, 2026

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের প্রথম সভা আজ


ছবিঃ নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা দ্রুত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকা এবং বিভিন্ন কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে বোর্ডের কার্যক্রম শুরু করতে এ সভা ডাকা হয়েছে।

বিজিএমইএ, ট্রেড ইউনিয়ন নেতা ও সরকারি কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রথম সভার মধ্য দিয়ে বোর্ডের আনুষ্ঠানিক কাজ শুরু হবে। শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি এবং চলমান অসন্তোষ নিরসনে সরকারের উদ্যোগের অগ্রগতিও সভায় আলোচনায় আসতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানান, দ্রুত মজুরি বোর্ডের সভা আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছিলেন তাঁরা। বুধবারই সভাটি হবে বলে তাঁরা আশাবাদী ছিলেন। কারখানা চালু রাখার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি শিল্প ও শ্রমিকদের স্বার্থে ভাঙচুর ও বিক্ষোভ থেকে বিরত থাকার আহ্বান জানান।

নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক ইউনিয়ন নেতাও সভা হওয়ার কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য, এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোনে জানানো হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

এর আগে রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই দিন এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন