Saturday, October 31, 2026

অ্যানথ্রপিকের ডেটা সেন্টার প্রকল্পে ঋণ নিশ্চয়তা দিতে পারে এনভিডিয়া


ছবিঃ এনস্কেল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো নির্মাণে বড় অঙ্কের অর্থায়ন নিশ্চিত করতে নতুন উদ্যোগের কথা ভাবছে চিপ নির্মাতা এনভিডিয়া। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় এআই ক্লাউড প্রতিষ্ঠান এনস্কেলের পরিকল্পিত ডেটা সেন্টার প্রকল্পের জন্য কয়েক বিলিয়ন ডলারের ঋণ নিশ্চয়তা দেওয়ার বিষয়ে আলোচনা করছে প্রতিষ্ঠানটি। দ্য ইনফরমেশন বৃহস্পতিবার এ খবর প্রকাশ করে। পরে ব্লুমবার্গও প্রতিবেদনটির তথ্য সমর্থন করে।

এনস্কেলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) নথি অনুযায়ী, প্রকল্পটির প্রথম ভবন নির্মাণের জন্য অ্যানথ্রপিকের সঙ্গে ৪৪ দশমিক ৬ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় এনভিডিয়া মূলত এনস্কেলের ঋণের সহ-নিশ্চয়তাদাতা হিসেবে কাজ করবে। এতে এআই শিল্পের বিশাল অবকাঠামো পরিকল্পনা ধরে রাখতে অর্থায়নের চাপ কতটা বাড়ছে, তা স্পষ্ট হচ্ছে।

দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রেসিডুয়াল ভ্যালু গ্যারান্টি’ নামে পরিচিত এ ব্যবস্থার আওতায় এনস্কেল নির্মাণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে এনভিডিয়া হস্তক্ষেপ করতে পারে। সে ক্ষেত্রে সাময়িকভাবে স্থাপনাটির দায়িত্ব নিয়ে নতুন ক্রেতা বা ভাড়াটে খুঁজে দেওয়ার উদ্যোগ নিতে পারে প্রতিষ্ঠানটি। এতে ওয়েস্ট ভার্জিনিয়ার ক্যাম্পাসে বিদ্যুৎ ও নির্মাণ ব্যয়ের জন্য অর্থায়ন পেতে এনস্কেলের সুবিধা হবে। এর আগে ক্লাউড প্রতিষ্ঠানগুলোর জন্য এনভিডিয়ার সহায়তা মূলত লিজ ও চিপ কেনার খরচ ঘিরে ছিল; নির্মাণ ব্যয়ে এমন নিশ্চয়তা দেওয়ার নজির কম।

এনস্কেলের জন্য প্রকল্পটি গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ৩৫ বিলিয়ন ডলার মূল্যায়নে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে বড় বড় ডেটা সেন্টার প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগও বাড়ছে।

অ্যানথ্রপিকের সঙ্গে চুক্তিটি এনস্কেলের ওয়েস্ট ভার্জিনিয়া ক্যাম্পাসের প্রথম ৪৬০ মেগাওয়াটের ভবনকে ঘিরে। সেখানে এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের ভেরা রুবিন চিপ ব্যবহারের কথা রয়েছে। একই ক্যাম্পাসে আরেকটি ভবন নির্মাণের জন্য প্রায় ৪৫ বিলিয়ন ডলারের দ্বিতীয় চুক্তি নিয়েও দুই প্রতিষ্ঠানের আলোচনা চলছে।

তবে এনস্কেলের প্রকল্পগুলো এগিয়ে নিতে নানা বাধার মুখে পড়তে হয়েছে। গত আগস্টে প্রতিষ্ঠানটির চালু থাকা উন্নত এআই চিপের সংখ্যা ছিল প্রায় ২৫ হাজার যেখানে তাদের পরিকল্পনা প্রায় পাঁচ লাখ চিপ স্থাপনের। ওয়েস্ট ভার্জিনিয়ার নির্মাণস্থল থেকে বৃষ্টির পানি গড়িয়ে আশপাশের বাড়িঘরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার অভিযোগও উঠেছে। কয়েক মাস আলোচনার পর সেপ্টেম্বরে প্রকল্পটি অঙ্গরাজ্যের সনদ পায়।

এদিকে, চলতি মাসে ইংল্যান্ডে এনস্কেলের একটি পরিকল্পিত স্থাপনা থেকে সরে দাঁড়ায় মাইক্রোসফট। ওই প্রকল্পে গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ ২০৩০-এর দশকে পিছিয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে।

এনভিডিয়া এআই অবকাঠামো খাতে বড় আর্থিক সহায়তাকারী হিসেবে উঠে এসেছে। দ্য ইনফরমেশনের হিসাবে, প্রতিষ্ঠানটি নিওক্লাউড ও বড় গ্রাহকদের জন্য প্রায় ১৭০ বিলিয়ন ডলারের বিনিয়োগ ও ঋণসহায়তা দিয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে এনস্কেলকে এক বিলিয়ন ডলারের রূপান্তরযোগ্য অর্থায়নের প্রতিশ্রুতিও রয়েছে।

যেসব নিওক্লাউড প্রতিষ্ঠান নিজস্ব বড় ব্যবসার আয়ভিত্তি ছাড়াই এআই কম্পিউটিং ক্ষমতা ভাড়া দেয়, সেগুলোও বিনিয়োগকারীদের চাপের মুখে পড়েছে। সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহ পর্যন্ত অক্টোবরে কোরউইভ, নেবিয়াস ও আইরেনের শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি কমেছিল।

এনস্কেলকে ঋণ নিশ্চয়তা দেওয়ার আলোচনা এগোলে এনভিডিয়ার সঙ্গে প্রতিষ্ঠানটির আর্থিক সম্পর্ক আরও গভীর হবে। একই সঙ্গে এনভিডিয়ার চিপের জন্য বড় গ্রাহক ধরে রাখার সুযোগও তৈরি হবে। এআই কম্পিউটিংয়ের অন্যতম বড় ক্রেতা অ্যানথ্রপিক বিভিন্ন চিপ নির্মাতার কাছ থেকে অবকাঠামো সুবিধা নিচ্ছে। দ্য ইনফরমেশনকে এক বিনিয়োগকারী বলেছেন, অ্যানথ্রপিকের সংশ্লিষ্টতাই এনস্কেলের প্রকল্প সচল রাখতে এনভিডিয়ার আগ্রহের একটি কারণ হতে পারে।

অ্যানথ্রপিকের নিজস্ব সম্প্রসারণের অর্থায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটি চলতি সপ্তাহে আইপিওর জন্য নথি জমা দিয়েছে। তবে ব্ল্যাকস্টোন বিনিয়োগকারীদের সতর্ক করেছে, আইপিওর পর অ্যানথ্রপিকের ঋণমান বিনিয়োগযোগ্য স্তরের নিচে থাকতে পারে। এমন রেটিং হলে ঋণ নেওয়ার খরচ বাড়তে পারে এবং ঋণের নিশ্চয়তায় শক্তিশালী অংশীদারের ওপর নির্ভরতা আরও বাড়তে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন