Wednesday, November 11, 2026

এইচএসসিতে পাসের হার কমায় চাপে বেসরকারি বিশ্ববিদ্যালয়, ফাঁকা থাকতে পারে বহু আসন


প্রতীকী ছবিঃ বেসরকারি বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় দেশের উচ্চশিক্ষা খাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিপরীতে বিশ্ববিদ্যালয়গুলোর আসনসংখ্যা বেশি থাকায় আগামী শিক্ষাবর্ষে বিপুলসংখ্যক আসন ফাঁকা থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে মধ্যম সারির, নিম্নস্তরের ও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তিতে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর উত্তীর্ণ হয়েছিলেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাস করা শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮০ হাজার ২৭৫ জন।

অন্যদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত প্রতিষ্ঠানসহ উচ্চশিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে মোট আসন রয়েছে ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি। এর মধ্যে ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা প্রায় ৪ লাখ ১০ হাজার। উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় আসন বেশি হওয়ায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বড় একটি অংশে আসন খালি থাকার আশঙ্কা দেখা দিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, আগের বছরগুলোতে ১০ লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পাস করায় শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানে ভর্তির পরও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেন। এবার পাসের সংখ্যা কম হওয়ায় সেই চিত্র বদলে যেতে পারে। ভালো ফল করা শিক্ষার্থীদের একটি বড় অংশ পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচিত কলেজগুলোতে ভর্তির সুযোগ পেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থী পাওয়া কঠিন হয়ে উঠতে পারে।

ইস্টার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী মনে করেন, এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী ভর্তির প্রতিযোগিতা আরও বাড়বে। শিক্ষার্থী কমে গেলে বিশ্ববিদ্যালয়গুলোর আয়, শিক্ষক-কর্মকর্তাদের বেতন-ভাতা, অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় চাপ তৈরি হতে পারে। বিশেষ করে নিজস্ব ক্যাম্পাস, পর্যাপ্ত আর্থিক সক্ষমতা ও শক্তিশালী সুনাম নেই এমন প্রতিষ্ঠানগুলো বেশি সমস্যায় পড়তে পারে।

তবে তাঁর মতে, বিষয়টিকে কেবল এক বছরের ভর্তি সংকট হিসেবে দেখলে চলবে না। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদি কাঠামোগত চ্যালেঞ্জ হিসেবেই এটি বিবেচনা করা প্রয়োজন।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অফিস অব স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ও জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত মো. মোস্তানসিরবিল্লা বলেন, গত বছরও পাসের হার তুলনামূলক কম থাকায় মধ্যম ও নিম্নস্তরের কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংকটে পড়েছিল। এবার পাসের সংখ্যা আরও কমে যাওয়ায় সেই চাপ বাড়তে পারে। তবে ভালো সুনাম ও গ্রহণযোগ্যতা থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আগ্রহ বজায় থাকবে বলে মনে করেন তিনি।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও জনসংযোগ বিভাগের প্রধান মো. জাহিদ হাসানের মতে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে শুধু আসন বা ভর্তি-সুযোগ বিবেচনা করেন না। শিক্ষকদের যোগ্যতা, শিক্ষার মান, ক্যাম্পাসের পরিবেশ, সুযোগ-সুবিধা এবং সাবেক শিক্ষার্থীদের অবস্থানও তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলে। এসব ক্ষেত্রে যারা শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারবে, তারা প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।

দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও আসন বাড়ানোর ক্ষেত্রে পরিকল্পনার ঘাটতি ছিল বলে মনে করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ। তাঁর মতে, সরকারি ও বেসরকারি উভয় পর্যায়েই বিশ্ববিদ্যালয় অনুমোদনের সময় প্রয়োজনীয় পরিকল্পনা ও মানদণ্ড যথাযথভাবে বিবেচনা করা হয়নি। ফলে বর্তমানে আসনসংখ্যা ও শিক্ষার্থীর মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে।

তিনি বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় উচ্চশিক্ষার আসন প্রায় দ্বিগুণ। ভালো মানের কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রতিযোগিতা থাকলেও অনেক প্রতিষ্ঠানের আসন ফাঁকা থেকে যেতে পারে।

এ পরিস্থিতিতে অন্তত দুই থেকে তিন বছরের জন্য নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনে স্থিতাবস্থা বা বিরতি দেওয়ার পরামর্শ দিয়েছেন ড. মনজুর আহমেদ। তাঁর মতে, এ সময়ে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর মান ও সক্ষমতা পর্যালোচনা করে উচ্চশিক্ষার পরিকল্পনা নতুন করে সাজানো প্রয়োজন। নির্ধারিত মান বজায় রাখতে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। তবে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হলে সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।

শুধু বিশ্ববিদ্যালয় পর্যায় নয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মান এবং মূল্যায়ন পদ্ধতিও পর্যালোচনার প্রয়োজন বলে মনে করেন এই শিক্ষাবিদ। তাঁর মতে, পাসের হার কমে যাওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত শিখন অর্জন ও পরীক্ষা পদ্ধতি নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড. মো. সিরাজুল ইসলাম মনে করেন, এবারের ফলাফলের প্রভাব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়লেও তা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রচলিত ডিগ্রি কর্মসূচির পাশাপাশি সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক কোর্স চালুর দিকে মনোযোগ দিতে হবে।

তিনি বলেন, ভাষা শিক্ষা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে পারে বিশ্ববিদ্যালয়গুলো। উদাহরণ হিসেবে জাপানে কাজ বা পড়াশোনায় আগ্রহীদের জন্য জাপানি ভাষা শেখানোর কোর্স চালুর কথা উল্লেখ করেন তিনি।

ড. সিরাজুল ইসলামের ধারণা, এবারের পরিস্থিতি মূলত এক বছরের জন্য তৈরি হয়েছে। গত বছরের উত্তীর্ণ শিক্ষার্থীদের একটি অংশও এখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। আগামী বছর পাসের হার বাড়তে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের মতে, এবারের ফলাফলের কারণে দুর্বল শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় বেশি সমস্যায় পড়বে। তবে শিক্ষার্থী কম পাওয়া গেলেও শিক্ষার মানের সঙ্গে আপস করা উচিত নয়।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে যোগ্য শিক্ষক নিয়োগ, তাঁদের উপযুক্ত বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। কম পারিশ্রমিকে ভালো শিক্ষক নিয়োগ ও তাঁদের ধরে রাখা কঠিন। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ তৈরিতে বিনিয়োগ প্রয়োজন।

অর্থনীতিবিদ ও গবেষক ড. অতনু রাব্বানীর মতে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী ভর্তির প্রতিযোগিতা আগে থেকেই ছিল। এবার পাসের হার আরও কম হওয়ায় মধ্যম ও নিম্নস্তরের প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়তে পারে। তবে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় একই ধরনের আর্থিক সংকটে পড়বে এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম, শিক্ষার্থীদের পছন্দ এবং আসন পূরণের সক্ষমতার ওপর ভর্তি পরিস্থিতি নির্ভর করবে। শিক্ষার্থী কমে গেলে আয় কমতে পারে। সে ক্ষেত্রে বৃত্তি, টিউশন ফি সমন্বয় এবং পরিচালন ব্যয় পুনর্বিন্যাসের মতো পদক্ষেপ বিবেচনা করতে পারে প্রতিষ্ঠানগুলো।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবিরও মনে করেন, শিক্ষার্থী কমে গেলে টিউশন ফি থেকে আয়নির্ভর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ অবস্থায় শিক্ষার্থীর সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে অবকাঠামো ও পরিচালন ব্যয় সমন্বয় করতে হবে। তবে শিক্ষার্থী কম পাওয়া মানেই তাদের শিক্ষাগত যোগ্যতা কম এমন ধারণা করা ঠিক নয়। ভর্তি যোগ্যতা পূরণ করে যারা আসবে, তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) পরিচালক (জনসংযোগ) বেলাল আহমেদ মনে করেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হলে ভর্তি পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ৪ লাখ ১০ হাজার আসন রয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়বে। শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রতিযোগিতা থাকলেও মধ্যম সারির, নিম্নস্তরের ও নতুন প্রতিষ্ঠানগুলো বেশি সমস্যায় পড়তে পারে।

তবে পুনঃপরীক্ষার ফল কীভাবে নির্ধারণ করা হবে এবং চূড়ান্ত জিপিএ কীভাবে হিসাব করা হবে, সে বিষয়ে এখনো স্পষ্টতা নেই বলে জানান তিনি। ইউজিসির নির্ধারিত ভর্তি যোগ্যতার শর্ত পূরণ করাও শিক্ষার্থীদের জন্য জরুরি। পুনঃপরীক্ষার সুযোগ তৈরি হলেও যোগ্যতার শর্ত পূরণ না করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া যাবে না।

বেলাল আহমেদের মতে, শিক্ষার্থীসংখ্যা কম হলে বিশ্ববিদ্যালয়গুলোকে বিভাগভিত্তিক ভর্তি পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষক নিয়োগ, অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা সমন্বয় করতে হতে পারে।

সব মিলিয়ে, এবারের এইচএসসি ফলাফল উচ্চশিক্ষা খাতে আসন ও শিক্ষার্থীর সংখ্যার ব্যবধানকে আরও স্পষ্ট করেছে। বিশেষজ্ঞদের মতে, এ পরিস্থিতি সামাল দিতে শুধু শিক্ষার্থী ভর্তির প্রতিযোগিতায় নামলেই হবে না; বরং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান, আর্থিক ব্যবস্থাপনা, শিক্ষক নিয়োগ এবং কর্মবাজারের চাহিদার সঙ্গে পাঠ্যক্রমের সামঞ্জস্য বাড়ানোর দিকে নজর দিতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন