Wednesday, November 11, 2026

মস্কো সম্মেলন ঘিরে রাশিয়া-আর্মেনিয়া টানাপোড়েন, চাপে পুতিনের সামরিক জোট


ছবিঃ ২০২৪ সালের ২৮ নভেম্বর কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও) শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো করমর্দন করছেন (সংগৃহীত । আল জাজিরা /গ্যাভরিল গ্রিগোরভ/স্পুটনিক/ক্রেমলিন ভায়া রয়টার্স)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) সম্মেলন ঘিরে নতুন করে আলোচনায় এসেছে মস্কো ও আর্মেনিয়ার টানাপোড়েন। আজ বুধবার মস্কোয় জোটের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে দীর্ঘদিন ধরে জোটের কার্যক্রমে অংশ না নেওয়া আর্মেনিয়ার অবস্থান এবারের বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে পারে।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটি দেশকে নিয়ে গঠিত সিএসটিওতে আর্মেনিয়ার সদস্যপদ আনুষ্ঠানিকভাবে বহাল থাকলেও ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে দেশটি জোটের কার্যক্রমে অংশগ্রহণ স্থগিত রেখেছে। আজারবাইজানের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর আর্মেনিয়ার অভিযোগ, সংকটের সময় জোট তাদের পাশে দাঁড়ায়নি। এরপর থেকেই জোটের প্রতি অনাস্থা প্রকাশ করে আসছে দেশটির সরকার।

গত সপ্তাহে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আর্মেনিয়া কার্যত সিএসটিওর কার্যক্রমে অংশ নিচ্ছে না। সংগঠনের ভেতরে আলোচনার ধরন ও পরিস্থিতির ওপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।

গত ৫ নভেম্বর আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানও বলেন, সিএসটিও নিয়ে তাঁদের আগ্রহের অধ্যায় শেষ হয়ে এসেছে।

২০২০ সালে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধে সিএসটিওর ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয় আর্মেনিয়ার। একসময় জাতিগত আর্মেনীয়দের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলটিতে সংঘাতের সময় জোটের মূল নীতি অনুযায়ী সামরিক সহায়তা পাওয়ার প্রত্যাশা ছিল ইয়েভানের। কিন্তু রাশিয়াসহ জোটের অন্য সদস্য বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান কোনো দেশই আর্মেনিয়ার সহায়তায় সেনা পাঠায়নি।

অথচ সিএসটিওর সনদে সদস্যদেশের নিরাপত্তা সংকটে পারস্পরিক সহায়তার কথা বলা রয়েছে। এ অবস্থায় জোটের প্রতি আর্মেনিয়ার আস্থা দুর্বল হয়ে পড়ে।

অন্যদিকে, আর্মেনিয়ায় রাশিয়ার দুটি সামরিক ঘাঁটি রয়েছে। সেখানে কয়েক হাজার রুশ সেনা ও সীমান্তরক্ষী অবস্থান করছেন। তবে আজারবাইজানের সঙ্গে রাশিয়ার সামরিক সরঞ্জাম কেনাবেচার সম্পর্কও রয়েছে। ১৯৯৯ সালে সিএসটিও ছেড়ে যাওয়া বাকু রাশিয়ার কাছ থেকে বিপুল অর্থের বিনিময়ে আধুনিক অস্ত্র সংগ্রহ করেছিল। পাশাপাশি তুরস্ক ও ইসরায়েলের তৈরি ড্রোন এবং যুদ্ধকৌশল ব্যবহার করে আজারবাইজান সামরিক সাফল্য পায়।

২০১৮ সালে রাশিয়াপন্থী নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভের পর ক্ষমতায় আসেন নিকোল পাশিনিয়ান। এরপর থেকেই তাঁর সরকারের সঙ্গে ক্রেমলিনের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। আর্মেনিয়া এখন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার বিষয়েও আগ্রহ দেখাচ্ছে।

মলদোভাভিত্তিক মধ্য এশিয়াবিষয়ক বিশ্লেষক গালিয়া ইব্রাহিমোভা আলজাজিরাকে বলেন, সিএসটিওতে আর্মেনিয়ার ভোটাধিকার কেড়ে নেওয়ার উদ্যোগকে প্রকাশ্য শাস্তি দেওয়ার মতো পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। তাঁর মতে, রাশিয়ার ওপর অর্থনৈতিকভাবে বেশি নির্ভরশীল অন্য সদস্যদেশগুলো এ বিষয়ে প্রকাশ্যে আপত্তি না জানিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে।

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্ট্রাল এশিয়া ডিউ ডিলিজেন্সের প্রধান আলিশের ইলখামভ মনে করেন, বর্তমান পরিস্থিতিতে আর্মেনিয়ার অবস্থান নেওয়ার সময়টি গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামোয় ইউক্রেনের হামলার কারণে মস্কো এখন অনেকটাই ব্যস্ত ও চাপের মধ্যে রয়েছে। ফলে আর্মেনিয়ার ওপর কঠোর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা রাশিয়ার সীমিত হতে পারে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর সিএসটিওর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। ওই যুদ্ধে জোটের কোনো সদস্যই রাশিয়ার পক্ষে সামরিক সহায়তা দিতে এগিয়ে আসেনি। অথচ একই বছরের জানুয়ারিতে কাজাখস্তানে ব্যাপক বিক্ষোভের পর দেশটিতে কয়েক হাজার শান্তিরক্ষী পাঠিয়েছিল রাশিয়ার নেতৃত্বাধীন এই জোট।

ইব্রাহিমোভার মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক সক্ষমতা নিয়ে তৈরি হওয়া ধারণা দুর্বল হয়েছে। এর প্রভাব পড়েছে সিএসটিওর সদস্যদেশগুলোর মনোভাবেও। রাশিয়ার সরবরাহ করা অস্ত্রকে একদিকে কম দামের ও উন্নত বলে প্রচার করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে সেগুলো পুরোনো অস্ত্র বলে মন্তব্য করেন তিনি।

রাশিয়ার প্রভাববলয় থেকে বেরিয়ে আসার প্রবণতা শুধু আর্মেনিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। মধ্য এশিয়া ও দক্ষিণ ককেশাসের কয়েকটি দেশ বিকল্প সামরিক ও আঞ্চলিক সহযোগিতার পথ খুঁজছে। এ ক্ষেত্রে তুরস্কের নেতৃত্বাধীন অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটস একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এতে আজারবাইজানের পাশাপাশি মধ্য এশিয়ার তিনটি দেশও রয়েছে।

গত সেপ্টেম্বরের শেষ দিকে নাগোরনো-কারাবাখ ও কাস্পিয়ান সাগর উপকূলে উজবেকিস্তান, আজারবাইজান ও তুরস্কের কয়েক হাজার বিশেষ প্রশিক্ষিত সেনা যৌথ মহড়ায় অংশ নেয়। সেখানে জাহাজ দখল, প্যারাট্রুপার অবতরণ এবং ড্রোন ব্যবহার করে হামলা ও গোলাবারুদ সরবরাহের অনুশীলন করা হয়।

এ ছাড়া ২০২৫ সালের অক্টোবরে আজারবাইজান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান যৌথ সামরিক মহড়া চালায়।

মধ্য এশিয়ার অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশ উজবেকিস্তানকেও সিএসটিওতে ফিরিয়ে আনতে পারেনি মস্কো। দেশটি ১৯৯৯ সালে জোট ছেড়ে ২০০৬ সালে আবার যোগ দিয়েছিল। পরে ২০১২ সালে সদস্যপদ স্থগিত করে পর্যবেক্ষক দেশের অবস্থান নেয়।

ইলখামভের মতে, আজারবাইজান ও উজবেকিস্তানের মতো দেশগুলোর রাশিয়ার প্রতি অনুগত না থাকার প্রবণতা নিয়ে মস্কো অসন্তোষ প্রকাশ করলেও এখন পর্যন্ত তা মূলত বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ। এসব দেশকে নিয়ন্ত্রণে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা রাশিয়ার আপাতত সীমিত।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ অবশ্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর পাশাপাশি মস্কোর সঙ্গেও যোগাযোগ বজায় রাখছেন। তিনি রাশিয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজন বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছেন এবং রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় উজবেক সেনাদের পাঠিয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ পশ্চিমা নেতাদেরও স্বাগত জানিয়েছেন।

রাশিয়া-আর্মেনিয়া বিরোধ আলোচনায় থাকলেও মস্কোর এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হতে পারে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান নিউ ইউরেশিয়ান স্ট্র্যাটেজিস সেন্টারের সহযোগী গবেষক রুসলান সুলেইমানভ আলজাজিরাকে বলেন, মধ্য এশিয়ার সীমান্তবর্তী আফগানিস্তানের পরিস্থিতিই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

রুশ কর্মকর্তাদের দাবি, আফগানিস্তানে ২০টির বেশি সশস্ত্র গোষ্ঠীর প্রায় ২৩ হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে। এর মধ্যে ইসলামিক স্টেটের খোরাসান প্রদেশ শাখা (আইএসকেপি) বিশেষভাবে উদ্বেগজনক। সংগঠনটি আফগানিস্তানের একাধিক প্রদেশে তৎপর এবং মধ্য এশিয়ার, বিশেষ করে তাজিকিস্তানের তরুণদের দলে ভেড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন সুলেইমানভ।

আফগানিস্তানের বাইরেও গোষ্ঠীটির হামলার সক্ষমতা রয়েছে। ২০২৪ সালে মস্কোর একটি কনসার্ট হলে হামলার দায় স্বীকার করেছিল আইএসকেপি। ওই হামলায় পাঁচ শিশুসহ ১৪০ জনের বেশি নিহত এবং ৫৫০ জনেরও বেশি আহত হন।

এ কারণে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে সিএসটিওভুক্ত দেশগুলো। প্রায় ১ হাজার ৩৪৪ কিলোমিটার দীর্ঘ এই সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর উদ্বেগ রয়েছে।

বিশ্লেষকদের মতে, আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে সদস্যদেশগুলোর অভিন্ন উদ্বেগ সিএসটিওর জন্য এখনো সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তবে আর্মেনিয়ার সঙ্গে বিরোধ এবং সদস্যদেশগুলোর বিকল্প অংশীদারত্বের অনুসন্ধান রাশিয়ার নেতৃত্বাধীন জোটের ঐক্য ও প্রভাব নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন