Sunday, November 15, 2026

ইয়েমেনের তাইজে হুতিদের অবরোধে ভয়াবহ মানবিক সংকট, চিকিৎসা ও পানির অভাবে বাড়ছে মৃত্যু


ছবিঃ ইয়েমেনের তাইজে শিশুরা পানির ট্যাঙ্ক পূর্ণ করছে (সংগৃহীত । দাউদ আল-ওয়াহবানি/আল জাজিরা)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

ইয়েমেনের তাইজ শহর ও আশপাশের এলাকায় হুতি বিদ্রোহীদের অবরোধে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। খাদ্য, নিরাপদ পানি, জ্বালানি ও ওষুধের সরবরাহ ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন লাখো মানুষ। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় অসুস্থ ব্যক্তিরা হাসপাতালে পৌঁছাতে পারছেন না। এতে বাড়ছে প্রাণহানি এবং ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক নারীকে সাদা কাফনে মোড়ানো এক শিশুর মরদেহ কোলে নিয়ে আহাজারি করতে দেখা যায়। শিশুটির নাম গাজা আলী আবদুলমুগনি আল-শাকাব। পরিবারের সদস্যদের দাবি, জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সুযোগ না পাওয়ায় অসুস্থ অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।

১০ নভেম্বর প্রকাশিত ওই ভিডিওতে নারীকে বলতে শোনা যায়, অবরোধের কারণে তাঁদের সন্তানরা মারা যাচ্ছে। যাতায়াতের জন্য কোনো সড়ক খোলা নেই, চিকিৎসক নেই, এমনকি প্রয়োজনীয় ওষুধও পাওয়া যাচ্ছে না।

ইয়েমেন নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমসের দাবি, শিশুটিকে হাসপাতালে নেওয়ার সময় পাহাড়ি সড়কে তাদের বহনকারী গাড়িতে হুতি বাহিনী হামলা চালায়। তবে এ অভিযোগের বিষয়ে হুতিদের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

তাইজের আল-শাকাব এলাকাটি হুতি বিদ্রোহী ও ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন অঞ্চলের মধ্যবর্তী সংঘাতপ্রবণ এলাকায় অবস্থিত। গত অক্টোবরের শুরুতে শহরটির আশপাশে হুতিদের অগ্রসর হওয়ার পর সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রবেশের শেষ গুরুত্বপূর্ণ সরবরাহপথটিও বন্ধ হয়ে যায়। এরপর থেকে অবরোধ আরও কঠোর হয়েছে।

ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ও সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে গত গ্রীষ্মে সংঘাত তীব্র হয়। সেপ্টেম্বরে লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা দখলের পর তাইজ প্রদেশেও নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে হুতিরা। সরকারি বাহিনীর পাল্টা অভিযানে এখন পর্যন্ত সীমিত সাফল্য এসেছে। ফলে তাইজ শহরের অবরোধ অব্যাহত রয়েছে।

ইয়েমেন সরকার অভিযোগ করেছে, প্রায় এক মাস ধরে তাইজের প্রায় ২০ লাখ বাসিন্দার জন্য খাদ্য, নিরাপদ পানীয় জল, ওষুধ ও জ্বালানির প্রবেশ বাধাগ্রস্ত করছে হুতিরা। অন্যদিকে, সড়ক বন্ধের দায় অস্বীকার করে সরকারি বাহিনীর ওপর দোষ চাপিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।

তবে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গত ২৯ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, তাইজে হুতিদের অবরোধ বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধের কৌশল হিসেবে অনাহারকে ব্যবহার করার যুদ্ধাপরাধের শামিল হতে পারে। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাসিন্দা, ত্রাণকর্মী ও জাতিসংঘের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যেও সড়ক বন্ধের জন্য হুতিদের দায়ী করা হয়েছে।

তাইজের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোও উদ্বেগ জানিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) গত ১৪ অক্টোবর জানায়, মানবিক সহায়তার ওপর নির্ভরশীল তাইজের ছয় লাখের বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছে না সংস্থাটি। অধিকাংশ জেলাতেই ক্ষুধার পরিস্থিতি জরুরি পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করা হয়।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, প্রয়োজনীয় সরঞ্জাম ও সরবরাহের অভাবে তাইজের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। সংস্থাটির হিসাবে, প্রায় আড়াই লাখ মানুষ জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা এক লাখ ৮৬ হাজারের বেশি।

ওসিএইচএ আরও জানায়, মাত্র এক সপ্তাহে সেখানে তীব্র ডায়রিয়া ও সন্দেহভাজন কলেরার এক হাজার ৪০০টির বেশি ঘটনা শনাক্ত হয়েছে। জ্বালানি ও চিকিৎসাসামগ্রীর সংকটে ১২টি হাসপাতাল বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে, অথবা সেগুলোকে সেবার পরিধি কমাতে হয়েছে।

তাইজের জনস্বাস্থ্য ও জনসংখ্যা কার্যালয়ের রোগতত্ত্ব নজরদারি বিভাগের তথ্য অনুযায়ী, সর্বশেষ চার সপ্তাহের প্রতিবেদনে তিন ধরনের রোগে মোট পাঁচ হাজার ৬৪২ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পাঁচ হাজার ২২৮ জন তীব্র পানিবাহিত ডায়রিয়ায় আক্রান্ত। এ ছাড়া সন্দেহভাজন ডেঙ্গুতে ২৩২ জন এবং কলেরায় ১৮২ জন আক্রান্ত হয়েছেন।

আগের সময়ের তুলনায় পানিবাহিত ডায়রিয়ার শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। তবে বিভাগের পরিচালক চিকিৎসক ইয়াসিন আবদুল মালিক মনে করেন, প্রকৃত পরিস্থিতি এর চেয়ে অনেক বেশি গুরুতর। তাঁর মতে, সড়ক বন্ধ থাকায় প্রত্যন্ত এলাকার মানুষ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে পারছেন না। ফলে অনেক আক্রান্ত ব্যক্তিই হিসাবের বাইরে থেকে যাচ্ছেন।

তিনি বলেন, অবরোধের কারণে জ্বালানির সংকট দেখা দিয়েছে। কালোবাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় হাসপাতালে যাতায়াতের খরচও বেড়েছে। এতে দরিদ্র পরিবারের রোগীদের চিকিৎসা নেওয়া আরও কঠিন হয়ে পড়েছে। তাঁর ধারণা, অবরোধের কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রোগীর সংখ্যা নথিভুক্ত সংখ্যার দ্বিগুণেরও বেশি হতে পারে।

তাইজের জনস্বাস্থ্য কার্যালয়ের স্বাস্থ্য যোগাযোগ কর্মকর্তা তায়সির আল-সামিয়েই জানান, অবরোধের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে হাসপাতালে রোগীদের পৌঁছানোর সক্ষমতা ৬০ থেকে ৭০ শতাংশ কমে যায়।

চিকিৎসকদের মতে, নিরাপদ পানির অভাব এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে তাইজে পানিবাহিত রোগের বিস্তার বাড়ছে। ডায়াবেটিস, এন্ডোক্রাইনোলজি ও স্থূলতা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ফারেস আল-আবসি বলেন, নিরাপদ পানির সংকটে বাসিন্দারা অনিরাপদ উৎসের পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এতে তীব্র ডায়রিয়া ও কলেরার সংক্রমণ বাড়ছে।

তাঁর দাবি, হুতিরা শহরে নিরাপদ পানীয় জল প্রবেশে বাধা দিচ্ছে। সীমিত পরিমাণে যে পানি পাওয়া যাচ্ছে, তা-ও বেশি দামে কিনতে হচ্ছে। ডিজেলের সংকটের কারণে পানি সরবরাহের খরচ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

আল-আবসি জানান, শহরের পানির অন্যতম উৎস আল-দাহাবাব জলাধার থেকে ট্যাংকারে পানি আনার পথেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বর্তমানে তাইজের মোট পানির চাহিদার মাত্র আট শতাংশ পূরণ করা সম্ভব হচ্ছে। স্থানীয় বেশির ভাগ কূপের পানিও পান করার অনুপযোগী।

অন্যদিকে, জ্বালানির অভাবে শহরের বর্জ্য অপসারণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। চিকিৎসক আল-আবসির ভাষ্য, সড়ক ও আবাসিক এলাকায় বিপুল পরিমাণ ময়লা জমে আছে। তিনি অভিযোগ করেন, শহরের পশ্চিমে অবস্থিত বর্জ্য ফেলার স্থানে পরিচ্ছন্নতাকর্মীদের গাড়ি পৌঁছাতেও বাধা দেওয়া হচ্ছে।

জমে থাকা পানি ও বর্জ্যের কারণে মশার প্রজনন বাড়ছে, যা ডেঙ্গুর বিস্তারকে ত্বরান্বিত করতে পারে। একই সঙ্গে অপরিচ্ছন্ন পরিবেশ ও দূষিত পানি থেকে ডায়রিয়া ও কলেরার মতো রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।

দীর্ঘ অবরোধ, চিকিৎসাসেবার সংকট এবং বিশুদ্ধ পানির অভাবে তাইজের সাধারণ মানুষের জীবন ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে। বিশেষ করে শিশু, নারী ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। জরুরি ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছানোর পথ খুলে না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন