- ১২ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
ইরানের সঙ্গে সামরিক সংঘাত ও কূটনৈতিক আলোচনার মধ্যে নতুন কৌশল গ্রহণের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। দেশটির ওপর সরাসরি নতুন করে যুদ্ধ শুরু না করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নৌ অবরোধ, কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং স্থলসীমান্তে বাণিজ্যিক বাধা সৃষ্টি করে তেহরানকে চাপে রাখাই এ কৌশলের মূল লক্ষ্য বলে বিভিন্ন মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
মঙ্গলবার প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানের ওপর নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা অব্যাহত থাকতে পারে। এসব পদক্ষেপ কত দিন চলবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। পরে তিনি দাবি করেন, ইরানের অর্থনীতি ক্রমেই সংকুচিত হচ্ছে এবং আগামী এক থেকে তিন মাসে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
তেহরানভিত্তিক অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষক আইজ্যাক সাইদিয়ানের মতে, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অবরোধের কারণে ইরানের তেল থেকে আয় প্রায় শূন্যের কোঠায় নেমে এলে দেশটির সরকার সাম্প্রতিক ইতিহাসের অন্যতম কঠিন আর্থিক সংকটে পড়বে।
আল জাজিরাকে তিনি বলেন, সংকটটি শুধু বৈদেশিক মুদ্রার আয় কমে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারি কর্মচারীদের বেতন, পেনশন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, জাতীয় মুদ্রার মূল্য ধরে রাখা এবং বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা জানিয়েছেন। তবে যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অনিশ্চিত পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে তা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হবে বলে সতর্ক করেছেন তিনি। অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা নাকচ করে দিয়ে প্রয়োজনে মার্কিন অবরোধ ভেঙে দেওয়ার কথাও বলেছে।
গত ৩ নভেম্বর জারি করা এক বাজেট নির্দেশনায় আগামী দিনের জন্য দুটি সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় নিয়েছে পেজেশকিয়ানের প্রশাসন। প্রথম পরিস্থিতিতে নিষেধাজ্ঞা, সমুদ্রপথে অবরোধ ও আঞ্চলিক অস্থিতিশীলতা অব্যাহত থাকবে। দ্বিতীয় পরিস্থিতিতে আর্থিক ও বাণিজ্যিক বিধিনিষেধ শিথিল হওয়ার পাশাপাশি অবরোধ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।
ইরানের পরিকল্পনা ও বাজেট সংস্থার পরিকল্পনা ও বাজেট সমন্বয়বিষয়ক উপপ্রধান মোহাম্মদ ঘাসেমি সোমবার স্থানীয় গণমাধ্যমকে বলেন, আগামী বছরের জন্য এমন প্রস্তুতি রাখতে হবে, যাতে তেল থেকে আয় শূন্যে নেমে এলেও সরকার পরিস্থিতি মোকাবিলা করতে পারে।
ইরানের অর্থনীতিতে চাপ বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশটির তেল বাণিজ্যের ওপর মার্কিন অবরোধ। গত ১৩ এপ্রিল প্রথমবারের মতো ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে মার্কিন সামরিক বাহিনী। এসব বন্দর দিয়েই দেশটির অধিকাংশ বৈদেশিক বাণিজ্য পরিচালিত হতো। জুনে একটি সমঝোতা স্মারকের মাধ্যমে অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি দিয়ে সীমিত পরিসরে তেল ও পণ্য পরিবহনের সুযোগ তৈরি হলেও কয়েক সপ্তাহের মধ্যেই সেই সমঝোতা ভেঙে যায়। এরপর ১৪ জুলাই থেকে নতুন করে অবরোধ কার্যকর রয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, অবরোধ কার্যকর করতে গিয়ে তারা ১৪৭টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে এবং পাঁচটি জাহাজ চলাচলের অযোগ্য করে দিয়েছে। এ ছাড়া ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ছায়া নৌবহরের সঙ্গে সংশ্লিষ্ট ১০টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করার দাবিও করেছে ওয়াশিংটন।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্টের পর থেকে ইরানের কোনো তেলবাহী জাহাজে নতুন করে তেল বোঝাই হয়নি।
অক্টোবরের শেষ দিকে জ্বালানি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের এক মূল্যায়নে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ২০ লাখ ব্যারেলের নিচে নেমে এসেছে। অথচ চলতি বছরের জানুয়ারিতে দেশটির দৈনিক উৎপাদন ছিল ৩৪ লাখ ৫০ হাজার ব্যারেল এবং ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ৩৫ লাখ ৯০ হাজার ব্যারেলে। ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ে।
কেপলারের হিসাব অনুযায়ী, ১৪ জুলাই অবরোধ শুরুর সময় অবরোধ এলাকার বাইরে সমুদ্রে অবস্থানরত ইরানি অপরিশোধিত তেল ও কনডেনসেটের পরিমাণ ছিল ৮ কোটি ৮৮ লাখ ব্যারেল। অক্টোবরের মাঝামাঝি সময়ে সেই মজুত কমে শূন্যে পৌঁছায়। তবে অবরোধ এলাকার ভেতরে এখনো প্রায় ৪ কোটি ৩০ লাখ ব্যারেল তেল আটকে রয়েছে।
চীনা ক্রেতারা সাধারণত তেল খালাসের এক থেকে দুই মাস পর মূল্য পরিশোধ করেন। এ কারণে কেপলারের ধারণা, ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ ইরানের অপরিশোধিত তেল ও কনডেনসেট থেকে বৈদেশিক মুদ্রা আয়ের প্রবাহ প্রায় বন্ধ হয়ে যেতে পারে।
ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ সংকট, মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস এবং ব্যাংকিং ও বাজেট ব্যবস্থার ভারসাম্যহীনতায় ভুগছে। এর মধ্যে তেল থেকে আয় কমে গেলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
সরকারি বাজেটে কর থেকে আয়ের পরিমাণ বাড়ানোর চেষ্টা করছে তেহরান। তবে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও মোট সরকারি অর্থায়নের প্রায় এক-তৃতীয়াংশের উৎস হিসেবে তেল আয়ের ওপর নির্ভরতা রয়েছে।
অর্থনীতিবিদ সাইদিয়ান মনে করেন, তেলের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেলে সরকারের প্রথম কাজ হওয়া উচিত অপ্রয়োজনীয় ব্যয় কমানো। প্রশাসনের একই ধরনের একাধিক কাঠামো এবং অস্বচ্ছ অনুদান খাতে ব্যয় কমানোর পাশাপাশি কম লাভজনক সরকারি উন্নয়ন প্রকল্প স্থগিত করা যেতে পারে।
এ ছাড়া কর অব্যাহতির সুযোগ পুনর্বিবেচনা, কর ফাঁকি রোধ, পরিকল্পিতভাবে সরকারি বন্ড ইস্যু এবং অপ্রয়োজনীয় রাষ্ট্রীয় সম্পদের কিছু অংশ বিক্রির মাধ্যমে অর্থনৈতিক চাপ সামাল দেওয়ার সুযোগ রয়েছে। তবে সরকারি কর্মচারীদের বেতন, পেনশন কিংবা সামাজিক নিরাপত্তা খাতে হঠাৎ বড় ধরনের কাটছাঁট করলে দারিদ্র্য আরও বাড়বে বলে সতর্ক করেছেন তিনি।
জ্বালানি ভর্তুকি কমানোরও ইঙ্গিত দিয়েছে ইরান সরকার। তবে মূল্যস্ফীতির ওপর নেতিবাচক প্রভাব কমাতে ধাপে ধাপে এ সিদ্ধান্ত কার্যকর করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং অ-তেল রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে তেহরান।
সাইদিয়ানের ভাষ্য, ব্যাংকিং, বিমা ও পরিবহন খাতে নিষেধাজ্ঞা বহাল থাকলে অ-তেল রপ্তানি বাড়িয়েও স্বল্প সময়ে তেল থেকে হারানো আয় পূরণ করা সম্ভব হবে না।
ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, আগামী বছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সরকারি ব্যয়ে শৃঙ্খলা, পরিবারগুলোকে আর্থিক সহায়তা এবং ব্যাংকগুলোর ওপর নজরদারি জোরদারকে অগ্রাধিকার দেওয়া হবে। মূল্যবৃদ্ধির চাপ থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে ইলেকট্রনিক খাদ্য কুপন কর্মসূচিও চালু রাখবে সরকার।
তবে বাস্তবতা হলো, লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে এসব কুপনের প্রকৃত ক্রয়ক্ষমতা ধরে রাখাই সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে। ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২২ অক্টোবর শেষ হওয়া ইরানি পঞ্জিকার মাসে বছরওয়ারি মূল্যস্ফীতির হার প্রায় ৮৯ শতাংশে পৌঁছেছিল।
সাইদিয়ানের মতে, ব্যয় সংকোচন বা বাজেট সংস্কারের মাধ্যমে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হলেও বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রা আয়ের টেকসই সুযোগ ছাড়া দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থবিরতা কাটানো কঠিন। এ জন্য আন্তর্জাতিক উত্তেজনা কমিয়ে আনার বিকল্প নেই।
তাঁর মতে, ২০২৭-২৮ অর্থবছরের বাজেট শুধু সংকটের সময়ে সরকারের ব্যয় নির্বাহের পরিকল্পনা হওয়া উচিত নয়। বরং তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার রূপরেখাও এতে থাকতে হবে।
অর্থনীতিবিদদের আশঙ্কা, দীর্ঘস্থায়ী অবরোধের প্রভাব শুধু সরকারি কোষাগারে সীমাবদ্ধ থাকবে না। এর বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়বে। আয় কমে যাওয়া, মূল্যস্ফীতি বৃদ্ধি, মধ্যবিত্ত শ্রেণির আর্থিক সক্ষমতা হ্রাস এবং দারিদ্র্য বিস্তারের মধ্য দিয়ে ইরানের উৎপাদনশীল অর্থনীতিও দুর্বল হয়ে পড়তে পারে।