- ১২ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
ভারতের সরকারি নিরাপত্তা ও তদন্তকারী সংস্থাগুলোর জন্য ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলিব্রাইটের ফোন থেকে তথ্য উদ্ধারের প্রযুক্তি কেনার পথ সহজ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির ক্রয়সংক্রান্ত বিধিতে বিশেষ ছাড় দিয়ে বিদেশি প্রযুক্তি কেনার সুযোগ তৈরি করা হয়েছে। এতে দেশটির সরকারি সংস্থাগুলোর নজরদারি সক্ষমতা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ডিজিটাল অধিকারকর্মী ও মানবাধিকার সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সংগঠন ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের (আইএফএফ) এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। সংগঠনটির পর্যালোচনা করা নথি অনুযায়ী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুমোদনে সরকারি ফরেনসিক প্রতিষ্ঠানগুলোর জন্য অন্তত ৪২২ ধরনের বিদেশি প্রযুক্তিপণ্য কেনার ক্ষেত্রে এক বছরের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়। এসব পণ্যের মধ্যে ইসরায়েলি প্রতিষ্ঠান সেলিব্রাইটের তৈরি প্রযুক্তিও রয়েছে।
ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির আওতায় সরকারি কেনাকাটায় দেশীয় উৎপাদকদের অগ্রাধিকার দেওয়ার নিয়ম রয়েছে। তবে সংশ্লিষ্ট মন্ত্রীর অনুমোদন থাকলে নির্দিষ্ট ক্ষেত্রে বিদেশি পণ্য কেনার সুযোগ রাখা হয়েছে। আইএফএফের পর্যালোচনা করা ৭ জানুয়ারির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠিতে এ ধরনের ছাড়ের অনুমোদনের বিষয়টি উঠে এসেছে।
আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জানুয়ারির আরেকটি চিঠিতে জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) সেলিব্রাইটের ‘প্রিমিয়াম টুল’ তিন বছরের লাইসেন্সে কেনার অনুমতি দেওয়া হয়। এর জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছিল প্রায় পাঁচ কোটি রুপি।
অনুসন্ধানে দেখা গেছে, ভারতের নিরাপত্তা ও তদন্তকারী সংস্থাগুলোর চাহিদা শুধু মোবাইল ফোনের তথ্য উদ্ধার বা পাসওয়ার্ড ছাড়াই ডিভাইসের তথ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট, ক্লাউডভিত্তিক তথ্য এবং স্মার্ট ডিভাইস থেকে তথ্য সংগ্রহের প্রযুক্তিও তাদের ক্রয়তালিকায় রয়েছে।
আইএফএফের শনাক্ত করা ৪২২টি পণ্যের মধ্যে ১১৮টি ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিকস-সংশ্লিষ্ট। এসব পণ্যের মধ্যে সেলিব্রাইটের পাথফাইন্ডার, ইনসেইয়েটস অন-প্রেম প্রো এবং ইনসেইয়েটস অফলাইন রয়েছে। এ ছাড়া ম্যাগনেট, এমএসএবি, অক্সিজেন ফরেনসিকস ও বেলাকসফটের মতো বিদেশি প্রতিষ্ঠানের প্রযুক্তিও তালিকায় রয়েছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স, ডার্ক ওয়েব পর্যবেক্ষণ এবং ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত তদন্তের সফটওয়্যারও এর অন্তর্ভুক্ত।
দিল্লি পুলিশের জাতীয় সাইবার ফরেনসিক ল্যাবরেটরির জন্য আহ্বান করা একটি দরপত্রের নথিও পর্যালোচনা করেছে আলজাজিরা। সেখানে এমন প্রযুক্তি চাওয়া হয়েছে, যা অ্যাপলের ম্যাকওএস, মাইক্রোসফট উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ডের সুরক্ষা এড়িয়ে তথ্য সংগ্রহ করতে পারে। একই সঙ্গে ইন্টারনেট ব্যবহারের ইতিহাস, ব্রাউজার হিস্ট্রি, মুছে ফেলা ফাইল এবং ভিপিএন ব্যবহারের চিহ্ন শনাক্ত করার সক্ষমতাও চাওয়া হয়েছে।
এ ছাড়া ডিভাইসের স্ক্রিন লক অতিক্রম, সম্পূর্ণ ফাইল সিস্টেম থেকে তথ্য সংগ্রহ, ব্যাকআপ ডিক্রিপ্ট করা এবং মেসেজিং অ্যাপ থেকে তথ্য উদ্ধারের সুবিধাও চেয়েছে পুলিশ।
দরপত্রে এমন একটি সমন্বিত ব্যবস্থার কথাও বলা হয়েছে, যার মাধ্যমে উদ্ধার করা লগইন তথ্য বা টোকেন ব্যবহার করে গুগল, অ্যাপল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রামসহ শতাধিক অনলাইন সেবায় প্রবেশ করা সম্ভব হবে। তালিকায় টিন্ডার, গ্রিন্ডার ও ওকেকিউপিডের মতো ডেটিং প্ল্যাটফর্ম, স্ল্যাক এবং অনলি ফ্যানসও রয়েছে। পাশাপাশি ড্রোন, পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য, অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মতো সংযুক্ত ডিভাইস থেকে তথ্য সংগ্রহের সক্ষমতাও চাওয়া হয়েছে।
সেলিব্রাইটের প্রযুক্তি বিভিন্ন দেশে সাংবাদিক ও অধিকারকর্মীদের বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ রয়েছে। সার্বিয়া, জর্ডান, কেনিয়া ও রাশিয়ায় এ ধরনের প্রযুক্তি ব্যবহারের নজিরের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতে নজরদারির বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর। গত মাসে নয়াদিল্লিতে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিতে আসা জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে পুলিশ আটক করে এবং তাঁর ফোন জব্দ করে। পরে এক পডকাস্টে রাঠি দাবি করেন, পুলিশ সেলিব্রাইটের প্রযুক্তি ব্যবহার করে তাঁর আইফোনের তথ্য নকল করার চেষ্টা করে থাকতে পারে। তবে ফোনটির আইওএস সংস্করণ তুলনামূলক নতুন হওয়ায় সেই চেষ্টা সফল হয়নি বলে তাঁর ধারণা।
আলজাজিরা রাঠির এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
একই মাসে দিল্লিতে আটক হওয়ার পর নিজের ফোন থেকে সংবাদ সংগ্রহের ভিডিও মুছে ফেলার অভিযোগ করেছেন ‘সিয়াসাত ডেইলি’র সাংবাদিক মোহাম্মদ আসলাম হুসাইন। তাঁর ভাষ্য, ১০ অক্টোবর এক ক্যামেরাপারসনসহ তাঁকে আটক করা হয় এবং ফোন জব্দ করা হয়। পরে ফোন ফেরত পেয়ে তিনি দেখতে পান, তাঁর ধারণ করা সংবাদসংক্রান্ত ভিডিওগুলো বেছে বেছে মুছে ফেলা হয়েছে। তবে কোন প্রযুক্তি ব্যবহার করে ফোনের নিরাপত্তা অতিক্রম করা হয়েছিল, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
ভারতের সুপ্রিম কোর্ট ২০১৭ সালের এক ঐতিহাসিক রায়ে ব্যক্তিগত গোপনীয়তাকে সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ব্যক্তিগত গোপনীয়তায় রাষ্ট্রীয় হস্তক্ষেপের ক্ষেত্রে আইনি ভিত্তি, বৈধ উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য থাকা জরুরি।
তবে ডিজিটাল অধিকারকর্মীদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ করা ফোনের পাসওয়ার্ড ভেঙে তথ্য সংগ্রহ, পুরো ডিভাইসের তথ্য কপি করা কিংবা সেই তথ্য ব্যবহার করে ক্লাউড অ্যাকাউন্টে প্রবেশের বিষয়ে ভারতে সুনির্দিষ্ট আইন ও কার্যকর নজরদারি ব্যবস্থা নেই।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডিজিটাল অধিকারকর্মী বৃন্দা ভান্ডারি আলজাজিরাকে বলেন, যথাযথ তদারকি ছাড়া এসব প্রযুক্তি ব্যবহার করা হলে নজরদারির পরিধি আরও বিস্তৃত হয় এবং অনেক বেশি মানুষ এর আওতায় পড়তে পারেন। তাঁর মতে, নজরদারির ক্ষেত্রে সংসদীয় বা বিচারিক তদারকির পরিবর্তে ভারতে মূলত নির্বাহী বিভাগের অভ্যন্তরীণ পর্যালোচনা ব্যবস্থার ওপর নির্ভর করা হয়।
আলজাজিরা এ বিষয়ে ভারতের জাতীয় তদন্ত সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিরোধী দলশাসিত হিমাচল প্রদেশ, কর্ণাটক ও কেরালার স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের আমলে সাংবাদিক, অধিকারকর্মী, আইনজীবী ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে উন্নত নজরদারি প্রযুক্তি ব্যবহারের অভিযোগ আগেও উঠেছে। ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানায়, ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফরেনসিক পরীক্ষায় দুই সাংবাদিকের ফোনে পেগাসাসের সংক্রমণের প্রমাণ পাওয়ার কথা জানানো হয়। তবে অননুমোদিত নজরদারির অভিযোগ অস্বীকার করে আসছে ভারত সরকার।
ডিজিটাল অধিকারকর্মীদের মতে, ব্যক্তিগত ফোন ও অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, ততই প্রয়োজন হচ্ছে স্বচ্ছ আইন, স্বাধীন তদন্ত এবং কার্যকর জবাবদিহির। অন্যথায় অপরাধ তদন্তের জন্য তৈরি প্রযুক্তি নাগরিকের ব্যক্তিগত জীবনে অনিয়ন্ত্রিত নজরদারির হাতিয়ার হয়ে উঠতে পারে।