- ১২ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এ সময়সূচি প্রকাশ করে।
প্রকাশিত রুটিনে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জসিম উদ্দিন স্বাক্ষর করেছেন।
সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে এবারের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে। পরদিন ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা।
এ ছাড়া ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। বাকি বিষয়গুলোর পরীক্ষা প্রকাশিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শেষ হবে। একই সময়সীমার মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে বলে সূচিতে উল্লেখ করা হয়েছে।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুসরণ করে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নিজ নিজ শিক্ষা বোর্ডের নির্দেশনা মেনে পরীক্ষায় অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।