Thursday, November 12, 2026

ঢাবির সহকারী প্রক্টরের পদ ছাড়ছেন ছয় শিক্ষক, তিনজনের পদত্যাগ


ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন ছয় শিক্ষক। তাঁদের মধ্যে তিনজন ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি তিনজন বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে তাঁরা সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

পদত্যাগ করা তিন শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার। বুধবার তাঁরা প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন।

অন্যদিকে, পদত্যাগের প্রস্তুতিতে রয়েছেন সহকারী প্রক্টর ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবারের মধ্যেই তাঁরা দায়িত্ব ছাড়তে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পদত্যাগের বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে অন্তত দুজন নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে তাঁরা ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও তাঁদের ভাষ্য অনুযায়ী, প্রক্টরের পক্ষ থেকে দায়িত্ব ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। এর পেছনে ওপর মহলের চাপ রয়েছে বলেও তাঁদের কেউ কেউ দাবি করেছেন।

একজন শিক্ষক জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব ছেড়েছেন। এখন থেকে শিক্ষা ও গবেষণাসহ একাডেমিক কাজে বেশি সময় দিতে চান। তবে রাজনৈতিক চাপের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। অন্য একজন শিক্ষক পদত্যাগের পেছনে রাজনৈতিক কারণের কথা উল্লেখ করে জানান, প্রক্টরের মাধ্যমে তাঁদের সরে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, পদত্যাগ করতে যাওয়া ছয় শিক্ষকের মধ্যে একাধিক জামায়াতপন্থী শিক্ষক রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, পদত্যাগের ক্ষেত্রে শিক্ষকেরা ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এ বিষয়ে তাঁর কাছে এর বাইরে অন্য কোনো তথ্য নেই। এখন পর্যন্ত একটি পদত্যাগপত্র পেয়েছেন এবং সেটি রেজিস্ট্রারের কাছে পাঠিয়েছেন।

পদত্যাগের পেছনে ওপর মহলের চাপ রয়েছে কি না, এমন প্রশ্নে উপাচার্য বলেন, এ ধরনের চাপের বিষয়ে তাঁর জানা নেই।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পদত্যাগের অনুরোধ বা রাজনৈতিক চাপের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন