Sunday, November 15, 2026

হরমুজ প্রণালিতে সংঘাতে নিহত অন্তত ২৫ নাবিক, অক্টোবরে বেড়েছে হামলার ঘটনা: জাতিসংঘ


ছবিঃ ৯ নভেম্বর ওমানের মুসানদাম থেকে দেখা হরমুজ প্রণালীর জলযানসমূহ (সংগৃহীত । আল জাজিরা /রয়টার্স)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশের জলসীমায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর ১১ নভেম্বর পর্যন্ত এসব প্রাণহানির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন সংস্থাটির মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। তিনি বলেন, হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। গত অক্টোবর মাসে সংঘাত শুরুর পর থেকে সবচেয়ে বেশি নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেছে।

জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) হিসাব অনুযায়ী, ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের বিস্তৃত জলসীমায় জাহাজ সংশ্লিষ্ট ১৩৬টি নিরাপত্তা ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৩৫টি ঘটনা ঘটেছে অক্টোবরে এবং নভেম্বরের প্রথম ১১ দিনে ঘটেছে আরও ১০টি।

খালেদ খিয়ারি বলেন, প্রায় প্রতিদিনই নতুন করে সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার খবর আসছে। বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক পণ্যবাহী নৌযানকে কোনোভাবেই হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। এ পরিস্থিতিকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না উল্লেখ করে তিনি মধ্যপ্রাচ্যের জলসীমায় অবাধ নৌচলাচল পুরোপুরি পুনরুদ্ধারের আহ্বান জানান।

এদিকে শনিবার ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালির নিষিদ্ধ বা সীমাবদ্ধ এলাকায় চলাচলের সময় তিনটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। ইরানের দাবি, অনুমোদন ছাড়া নির্দিষ্ট এলাকায় প্রবেশ করায় জাহাজগুলো এ ঘটনার মুখে পড়ে।

যুদ্ধ চলাকালে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের আগে ইরানের অনুমতি নেওয়ার বিষয়ে জাহাজগুলোকে সতর্ক করে আসছে তেহরান। দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রণালির পূর্বদিকে সীমাবদ্ধ এলাকায় প্রবেশকারী নিয়মভঙ্গকারী ট্যাংকারগুলো নৌমাইনের আঘাতে আগুনে পুড়ে যেতে পারে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ওই বিবৃতি প্রচার করেছে।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের দাবি পূরণ না করা পর্যন্ত প্রণালিটি স্বাভাবিকভাবে খুলে দেওয়া হবে না। এসব দাবির মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব যুদ্ধক্ষেত্রে সংঘাত বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালির প্রধান নৌপথ থেকে মাইন অপসারণ করা হয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য জলপথটি উন্মুক্ত রয়েছে।

তবে বাস্তবে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে খালেদ খিয়ারি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সামুদ্রিক পরিবহনব্যবস্থা ব্যয়বহুল, অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নৌপথে বিঘ্নের কারণে জ্বালানি, পরিবহন ও বিমা খরচ বাড়ছে। এর প্রভাব পড়ছে বৈশ্বিক মূল্যস্ফীতিতে এবং খাদ্যনিরাপত্তার ওপরও। বিশেষ করে সার পরিবহনে বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালিতে চলাচল দীর্ঘদিন ব্যাহত থাকলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না; জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্যের বাজারেও এর চাপ আরও বাড়তে পারে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন