Tuesday, November 17, 2026

পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে ছাপা হবে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র


ফাইল ছবিঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বরিশাল

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি কমাতে প্রশ্নপত্র বিতরণ ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা করা হবে। এতে প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ফাঁসের সুযোগও কমবে বলে মনে করছে সরকার।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। তবে প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে সরকার শুধু প্রচলিত ব্যবস্থার ওপর নির্ভর করছে না; পুরো প্রক্রিয়াটিই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা রয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র মুদ্রণের ব্যবস্থা চালুর দিকেই এগোচ্ছে সরকার।

শিক্ষার মান উন্নয়নে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, পড়াশোনার ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা কিংবা অসাধুতা মেনে নেওয়া হবে না।

শিক্ষাব্যবস্থায় সংস্কারের অংশ হিসেবে পাবলিক পরীক্ষা-সংক্রান্ত ১৯৮০ সালের আইন পরিবর্তনের বিষয়টিও উল্লেখ করেন মন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আইন পরিবর্তনের পর এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯ জন।

খাতা মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের দক্ষতা ও অভিজ্ঞতার ঘাটতি দূর করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ জন্য পরীক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রয়োজন অনুযায়ী অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

এইচএসসি পরীক্ষার সময় কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগের প্রসঙ্গও অনুষ্ঠানে তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণে ওই কেন্দ্রে পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়। পরে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়া হলেও অংশ নেয় মাত্র ৮২ জন পরীক্ষার্থী।

এ ঘটনা প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তাঁর বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা উচিত নয়। শিক্ষাসংশ্লিষ্ট কোনো বিষয়কে বাড়িয়ে প্রচার করা হলে তা সামগ্রিকভাবে জাতির জন্য ক্ষতিকর হতে পারে।

এদিকে শিক্ষাব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের কাজও চলছে। এ বিষয়ে গুগলের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ, আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পাঠদান আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের শেখানো ও শেখার প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তি কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না। তথ্য সংগ্রহের পাশাপাশি প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। শুধু তথ্য জানাই যথেষ্ট নয়; সেই তথ্যকে জ্ঞানে রূপান্তর এবং বাস্তব কাজে দক্ষতার সঙ্গে প্রয়োগ করার সক্ষমতা তৈরি করতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন