- ১৬ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
প্রযুক্তিপণ্যের বাজারে প্রতি বছরই যুক্ত হচ্ছে নতুন নতুন গ্যাজেট। স্মার্টফোন, স্বাস্থ্য পর্যবেক্ষণকারী ডিভাইস, ই-রিডার থেকে শুরু করে রান্নাঘরের আধুনিক যন্ত্র প্রযুক্তির ছোঁয়া এখন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই। তবে সব পণ্যই যে প্রয়োজনীয় বা সাশ্রয়ী, তা নয়। কিছু গ্যাজেট দাম ও ব্যবহারিক সুবিধার কারণে প্রশ্নের মুখে পড়লেও এমন কিছু পণ্য রয়েছে, যেগুলো ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে ২০২৬ সালে তাদের পর্যালোচনা করা বেশ কয়েকটি গ্যাজেটের মধ্য থেকে ছুটির মৌসুমে উপহার দেওয়ার উপযোগী কিছু পণ্য তুলে ধরা হয়েছে। পাঠাভ্যাস, রান্না, স্বাস্থ্যসচেতনতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্মার্টফোনের ব্যবহার কমানোর মতো ভিন্ন ভিন্ন প্রয়োজন বিবেচনায় এসব পণ্যের তালিকা তৈরি করা হয়েছে।
এ বছর ই-রিডার নিয়ে বেশ আগ্রহ দেখিয়েছে টেকক্রাঞ্চের পর্যালোচক দল। বিশেষ করে পকেটে বহন করা যায় এমন ছোট আকারের ই-রিডার তাদের নজর কেড়েছে।
তালিকায় রয়েছে এক্সটেইঙ্ক এক্স৩। মাত্র ৫৫ ডলারের এই ডিভাইসটি এতটাই ছোট যে মানিব্যাগে রাখা যায়। এমনকি চুম্বকের সাহায্যে ফোনের পেছনেও লাগানো সম্ভব। তবে এটি চালু ও ব্যবহার উপযোগী করতে কিছুটা কারিগরি ঝামেলা পোহাতে হয়। কিন্ডল, লিবি বা অন্য কোনো ই-বুক অ্যাপের সঙ্গে সরাসরি সংযোগ না থাকায় প্রযুক্তি নিয়ে ঘাঁটাঘাঁটি করতে আগ্রহীদের জন্যই এটি বেশি উপযোগী।
একই ব্র্যান্ডের এক্স৪ প্রো মডেলের দাম ৯৯ ডলার। আকারে কিছুটা বড় হলেও এতে রয়েছে ব্যাকলাইট সুবিধা। ফলে কম আলোতেও পড়া যায়। বিশেষ করে রাতে বিছানায় শুয়ে বই পড়তে পছন্দ করেন, এমন পাঠকদের জন্য এটি সুবিধাজনক হতে পারে।
আরও উন্নত বিকল্প হিসেবে রয়েছে বক্স পালমা প্রো ২। ৪০০ ডলারের এই ফোন-আকৃতির ই-রিডারে বাইরের বিভিন্ন অ্যাপ ব্যবহারের সুবিধা রয়েছে। ফলে লিবি, কোবো কিংবা কিন্ডলের মতো প্ল্যাটফর্মে বই পড়তে আগ্রহীদের কাছে এটি আকর্ষণীয় হতে পারে।
অন্যদিকে, বইয়ের মতো আকারের স্ক্রিন পছন্দ হলে কোবো লিব্রা কালার বিবেচনায় রাখা যেতে পারে। এর দাম ২৫৯ ডলার। অ্যামাজনের পেপারহোয়াইট সিরিজও ই-রিডার হিসেবে ভালো বিকল্প বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রান্না ও খাবার পরিবেশনের অভিজ্ঞতা আরও সহজ করতে তালিকায় রয়েছে কয়েকটি আধুনিক যন্ত্র।
এমবার মাগ ৩ নামের স্মার্ট কাপটির দাম ৯৯ ডলার। এতে চা বা কফি দীর্ঘ সময় উষ্ণ রাখার সুবিধা রয়েছে। আগের সংস্করণের তুলনায় নতুন মডেলে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রতিবার ফোনের অ্যাপ ব্যবহার করার প্রয়োজন কমেছে। যারা নির্দিষ্ট তাপমাত্রায় চা-কফি পান করতে পছন্দ করেন, তাঁদের জন্য এটি উপযোগী উপহার হতে পারে।
নিনজা ক্রিসপি মাইক্রোওয়েভ অ্যান্ড এয়ার ফ্রায়ার নামের যন্ত্রটির দাম ৪৪৯ দশমিক ৯৯ ডলার। মাইক্রোওয়েভ ও এয়ার ফ্রায়ারের সুবিধা একসঙ্গে থাকায় রান্নাঘরে আলাদা দুটি যন্ত্র রাখার প্রয়োজন কমতে পারে। জায়গা বাঁচানোর পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার তৈরিতেও এটি কাজে আসবে।
এ ছাড়া রয়েছে গোভিলাইফ স্মার্ট নাগেট আইস মেকার প্রো। ৪৯৯ দশমিক ৯৯ ডলারের এই যন্ত্রটি বিশেষ ধরনের ছোট ও নরম বরফ তৈরি করতে পারে। পানীয়ের সঙ্গে নির্দিষ্ট ধরনের বরফ পছন্দ করেন, এমন ব্যবহারকারীদের লক্ষ্য করেই এটি তৈরি।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেন কিংবা এআই এজেন্ট ব্যবহার করে কোডিং ও অন্যান্য কাজ পরিচালনা করেন, তাঁদের জন্য তালিকায় রয়েছে ওপেনএআই কোডেক্স মাইক্রো। এর দাম ২৩০ ডলার।
টেকক্রাঞ্চের পর্যালোচক লুকাস রোপেকের পছন্দের পণ্যগুলোর একটি এটি। তবে পণ্যটি নিয়ে সব ব্যবহারকারীর অভিজ্ঞতা সমান ইতিবাচক নয়। বিশেষ করে অভিজ্ঞ কোডারদের কেউ কেউ এর কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট নন। তারপরও এআইভিত্তিক কাজের সঙ্গে যুক্ত প্রযুক্তিপ্রেমীদের কাছে এটি আগ্রহের বিষয় হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানো এবং রাতে দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের অভ্যাস কমাতে বাজারে এসেছে কিছু বিশেষ ডিভাইস। তালিকায় রয়েছে ব্রিক ও ব্রিক নাইট।
ব্রিকের দাম ৫৯ ডলার এবং নতুন ব্রিক নাইটের দাম ১২৯ ডলার। মূলত ফোনের নির্দিষ্ট অ্যাপ ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে এগুলো তৈরি করা হয়েছে। এনএফসি প্রযুক্তি ও সহযোগী অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী নিজের প্রয়োজন অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় সীমিত করতে পারেন।
টেকক্রাঞ্চের এক পর্যালোচক প্রায় ছয় মাস ধরে ব্রিক ব্যবহার করে রাতে ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানোর অভ্যাস কমাতে পেরেছেন বলে জানিয়েছেন। নতুন ব্রিক নাইট একই ঘরে থাকলে ফোনে নির্দিষ্ট অ্যাপ ব্যবহারে বাধা দিতে পারে। তবে কখন এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে, তা ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারবেন।
এ ছাড়া রয়েছে ডাম্ব ফোন। মাত্র ২০ ডলার থেকে শুরু হওয়া এই ফোনের সঙ্গে আলাদা সেবা পরিকল্পনা নিতে হয়। দেখতে সাধারণ টিসিএল ফ্লিপ ফোনের মতো হলেও এতে ডাম্ব কো নিজস্ব সফটওয়্যার যুক্ত করেছে। ফলে হোয়াটসঅ্যাপ, স্পটিফাই, অ্যাপল মিউজিক ও উবারের মতো কিছু প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করা যায়। তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে আইমেসেজ ব্যবহারের সুবিধার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যারা স্মার্টফোন পুরোপুরি ছেড়ে দিতে চান না, কিন্তু দৈনন্দিন জীবনে ফোনের ওপর নির্ভরতা কিছুটা কমাতে চান, তাঁদের জন্য এটি বিকল্প হতে পারে।
স্বাস্থ্য ও শারীরিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের ব্যবহার বাড়ছে। স্মার্টওয়াচ ও ফিটনেস ব্যান্ডের পাশাপাশি জনপ্রিয়তা পাচ্ছে স্মার্ট রিং।
এ তালিকায় রয়েছে ওরা রিং ৫। দাম ৩৯৯ থেকে ৪৯৯ ডলার। এর সঙ্গে মাসিক ৫ দশমিক ৯৯ ডলারের সাবস্ক্রিপশন ফি রয়েছে। আকারে তুলনামূলক সরু হওয়ায় এটি হাতে পরলে সাধারণ আংটির মতো দেখায়। একই সঙ্গে হৃদ্স্পন্দনসহ বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ করা যায়।
টেকক্রাঞ্চের পর্যালোচক আয়েশা মালিকের মতে, আগের সংস্করণগুলোর তুলনায় নতুন মডেলটি বেশি টেকসই, ব্যাটারির স্থায়িত্ব ভালো এবং নকশায় আরও পরিশীলিত। যারা স্বাস্থ্য পর্যবেক্ষণের পাশাপাশি পরিধানযোগ্য পণ্যের নান্দনিকতাকেও গুরুত্ব দেন, তাঁদের জন্য এটি বিবেচনাযোগ্য।
প্রযুক্তিপণ্যের এই তালিকায় দামের দিক থেকে যেমন সাশ্রয়ী কিছু ডিভাইস রয়েছে, তেমনি কয়েকশ ডলারের বিলাসবহুল গ্যাজেটও আছে। তবে উপহার কেনার আগে পণ্যের দাম, ব্যবহারকারীর প্রয়োজন এবং ব্যবহারের সুবিধা বিবেচনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।