Wednesday, November 18, 2026

যৌন কেলেঙ্কারি ও চীন-যোগের অভিযোগে এনভিডিয়া ছাড়লেন জেনসেন হুয়াং, এআই খাতে অনিশ্চয়তা


ফাইল ছবিঃ জেনসেন হুয়াংয় (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্বের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগ ঘিরে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একের পর এক অভিযোগ, চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্ভাব্য যোগাযোগের বিতর্ক এবং চীনে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানি নীতি নিয়ে অবস্থান সব মিলিয়ে চাপের মুখে পড়েছে প্রতিষ্ঠানটির নেতৃত্ব।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের ‘ইকুইটি’ পডকাস্টের সাম্প্রতিক পর্বে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সাংবাদিক অ্যান্থনি হা, রেবেকা বেলান ও টিম ডি চ্যান্ট। তাঁদের আলোচনায় উঠে এসেছে, হুয়াংয়ের পদত্যাগ কতটা আকস্মিক ছিল, তাঁর নেতৃত্ব ছাড়ার প্রভাব এনভিডিয়ার ওপর কীভাবে পড়তে পারে এবং বৃহত্তর এআই শিল্পে এর সম্ভাব্য প্রতিক্রিয়া কী হতে পারে।

আলোচনায় টিম ডি চ্যান্ট বলেন, হুয়াংয়ের পদত্যাগের সম্ভাবনা তিনি আগে থেকেই আঁচ করেছিলেন। তবে এত দ্রুত এমন সিদ্ধান্ত আসবে, তা ভাবেননি। অন্যদিকে রেবেকা বেলান বলেন, তিনি হুয়াংয়ের পদত্যাগের বিষয়টি একেবারেই প্রত্যাশা করেননি। তাঁর মতে, এনভিডিয়ার সঙ্গে হুয়াংয়ের পরিচয় এতটাই গভীরভাবে জড়িয়ে গেছে যে প্রতিষ্ঠানটির অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় তাঁর বিদায় ছিল বড় বিস্ময়।

অ্যান্থনি হা-ও বলেন, মাত্র কয়েক দিন আগেও তাঁর ধারণা ছিল, হুয়াংয়ের অবস্থান অনেকটা ইলন মাস্কের মতো শক্তিশালী। এনভিডিয়া শুধু বড় একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান নয়, বর্তমান এআই অর্থনীতির বড় অংশই প্রতিষ্ঠানটির চিপ ও অবকাঠামোর ওপর নির্ভরশীল। হুয়াং প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় শেয়ারহোল্ডারদের একজন, তাঁর পরিবারের সদস্যরাও কোম্পানিতে কাজ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাঁর বিকল্প হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য আগে থেকে কোনো সুস্পষ্ট উত্তরাধিকার পরিকল্পনা ছিল না।

পডকাস্টে আলোচকেরা জানান, সাবেক এক নির্বাহীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। ওই সাবেক নির্বাহী এনভিডিয়ার গ্রাহক প্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্ভাব্য যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া এনভিডিয়ার আরেক নির্বাহীর সঙ্গেও হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশিত হয়।

টেকক্রাঞ্চের আলোচনায় বলা হয়, এসব অভিযোগের পর হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিষয়টিও সামনে আসে। আলোচকদের দাবি, তাঁর সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার সম্ভাব্য যোগাযোগ নিয়ে উদ্বেগের তথ্য সরকারি গোয়েন্দা মহলে প্রায় এক বছর আগেই আলোচনায় ছিল। তবে সাধারণ মানুষের কাছে বিষয়গুলো সম্প্রতি প্রকাশ পেতে শুরু করে।

আলোচনায় আরও বলা হয়, শুরুতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের কথা জানালেও তাঁর প্রতি আস্থার কথা প্রকাশ করেছিল। কিন্তু পরবর্তী সময়ে নতুন অভিযোগ সামনে আসায় পরিস্থিতি দ্রুত পাল্টে যায়।

পডকাস্টে রেবেকা বেলান বলেন, চীনে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানির বিধিনিষেধ শিথিল করার পক্ষে হুয়াংয়ের অবস্থানও বিতর্কের গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য এসব চিপের ব্যবহার কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তা নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে। চীনের এআই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী চিপ ব্যবহারের সুযোগ পেলে তাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়তে পারে এমন আশঙ্কা মার্কিন নীতিনির্ধারকদের একাংশের।

হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেস অন্তর্বর্তী প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছেন বলে আলোচনায় জানানো হয়। তিনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সঙ্গেও যুক্ত।

অ্যান্থনি হা মনে করেন, ক্রেসের এই নিয়োগকে আপাতত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবেই দেখা হচ্ছে। স্থায়ীভাবে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিষ্ঠানটি পরিস্থিতি সামাল দিতে চাইছে বলে তাঁর ধারণা।

আলোচনায় টিম ডি চ্যান্ট ৯ নভেম্বর প্রকাশিত ব্লুমবার্গের একটি প্রতিবেদনের প্রসঙ্গ তোলেন। ওই প্রতিবেদনে মেগাস্পিডের সঙ্গে সংশ্লিষ্ট অ্যালিস হুয়াংকে নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তদন্তে এনভিডিয়ার প্রধান আইন কর্মকর্তার ভূমিকা থাকার বিষয়টি উঠে আসে। তাঁর মতে, ওই প্রতিবেদন প্রকাশের পরই ঘটনাপ্রবাহ দ্রুত এগোতে শুরু করে। তবে পদত্যাগের সিদ্ধান্তে প্রতিবেদনটির সুনির্দিষ্ট ভূমিকা কী ছিল, তা নিশ্চিত করে বলা হয়নি।

হুয়াংয়ের বিদায়ের প্রভাব শুধু এনভিডিয়ার নেতৃত্বে সীমাবদ্ধ থাকবে না বলে মনে করছেন পডকাস্টের আলোচকেরা। কারণ, এআই খাতে প্রতিষ্ঠানটির ভূমিকা কেবল চিপ সরবরাহের মধ্যে সীমিত নয়। বিভিন্ন এআই স্টার্টআপ, ক্লাউড সেবা ও ডেটা সেন্টার প্রকল্পেও বড় অঙ্কের বিনিয়োগ এবং আর্থিক প্রতিশ্রুতি রয়েছে কোম্পানিটির।

আলোচনায় বলা হয়, এনভিডিয়ার বিনিয়োগ ও অবকাঠামোগত সহায়তার ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কোরউইভ, নেবিয়াস, ওপেনএআই ও অ্যানথ্রপিক। এ ছাড়া বড় ডেটা সেন্টার প্রকল্পেও প্রতিষ্ঠানটির সম্পৃক্ততা রয়েছে।

রেবেকা বেলান আলোচনায় উল্লেখ করেন, এআই খাতের গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) বাজারের প্রায় ৮০ শতাংশ এনভিডিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে ধারণা করা হয়। প্রতিষ্ঠানটির বিনিয়োগের পরিমাণ প্রায় ৯৯ বিলিয়ন ডলার। এর বাইরে আরও ২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি এবং ক্লাউড সেবায় ৩৬ বিলিয়ন ডলারের আর্থিক অঙ্গীকার রয়েছে বলে আলোচনায় তুলে ধরা হয়।

আলোচকদের আশঙ্কা, নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর এনভিডিয়া যদি বিনিয়োগ ও অংশীদারত্বের ক্ষেত্রে সতর্ক অবস্থান নেয় কিংবা কার্যক্রম কিছুটা সংকুচিত করে, তাহলে পুরো এআই শিল্পে তার প্রভাব পড়তে পারে। কারণ, অনেক প্রতিষ্ঠানই এনভিডিয়ার অর্থায়ন ও প্রযুক্তিগত অবকাঠামোর সঙ্গে যুক্ত।

জেনসেন হুয়াংয়ের পদত্যাগ তাই শুধু একটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে পরিবর্তন নয়; বরং বিশ্বজুড়ে দ্রুত সম্প্রসারিত এআই অর্থনীতির নেতৃত্ব, বিনিয়োগ ও ভবিষ্যৎ সম্পর্কেও নতুন প্রশ্ন তৈরি করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন