- ১৬ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) সকালে সভা স্থগিতের ঘোষণা দেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ড।
বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
সভা স্থগিতের কারণ ব্যাখ্যা করে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী গণমাধ্যমকে জানান, বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অনুপস্থিতিতে সভা করা সমীচীন হবে না বিবেচনা করেই বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই পরবর্তী সভার তারিখ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এর আগে গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। তবে সেদিন মালিকপক্ষ কোনো মজুরি প্রস্তাব উপস্থাপন করেনি। এ জন্য তাদের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে চার দিন সময় দেওয়া হয়েছিল।
সেই ধারাবাহিকতায় সোমবারের তৃতীয় সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব উপস্থাপন এবং শ্রমিকপক্ষের দাবির সঙ্গে তা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সভা স্থগিত হওয়ায় মজুরি নির্ধারণের পরবর্তী আলোচনা আপাতত পিছিয়ে গেল।