- ১৬ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে, রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে। বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ হেলথ ওয়াচ (বিএইচডব্লিউ)।
স্বাস্থ্য খাতের দুর্নীতি, অনিয়ম ও সুশাসনের ঘাটতি নিয়ে সংস্থাটির ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার (১৫ নভেম্বর) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে সরকারি চিকিৎসাসেবায় অনিয়মের পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বড় ধরনের আর্থিক ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতির তথ্য উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার কথা বলা হয়েছে। কিছু সরঞ্জাম বাজারদরের তুলনায় সর্বোচ্চ ১৮ গুণ বেশি দামে কেনা হয়েছে বলেও গবেষণায় দাবি করা হয়েছে।
বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন প্রতিবেদনটি সম্পাদনা করেছেন। ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় নিয়ে তৈরি হয়েছে প্রতিবেদনটি। এতে সহায়তা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতির পেছনে দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তদারকির ক্ষেত্রে সমন্বয়হীনতা কাজ করছে। পাশাপাশি অনিয়মকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার প্রাতিষ্ঠানিক সংস্কৃতিও পরিস্থিতিকে জটিল করে তুলছে। তাঁর মতে, শুধু আইন প্রয়োগ করে নয়, প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে সততার চর্চা নিশ্চিত করেও এ পরিস্থিতির পরিবর্তন আনতে হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, একজন বা কয়েকজনকে শাস্তি দিয়ে স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এ জন্য পুরো ব্যবস্থার কাঠামোগত সংস্কার প্রয়োজন। আর্থিক অনিয়ম ও দরপত্রে কারসাজির পাশাপাশি কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাকেও দুর্নীতির আওতায় বিবেচনা করেন তিনি।
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের নানা ধরনের অনিয়মের মুখে পড়তে হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ ও ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর প্রবণতা।
প্রতিবেদনে এমন একটি ঘটনার বিবরণ দেওয়া হয়েছে, যেখানে অস্ত্রোপচারের তারিখ ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। পরে জানা যায়, সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। এ ঘটনায় ওই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অন্যত্র বদলি করা হয়।
চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টিও গবেষণায় গুরুত্ব পেয়েছে। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে দায়িত্বস্থলে পাওয়া যায়নি। পরবর্তী আরেকটি গবেষণায় প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা নেওয়া চিকিৎসকদের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করেছে গবেষণাটি। এ প্রসঙ্গে ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা ও জবাবদিহি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে প্রায় ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই।
চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রেও দীর্ঘসূত্রতা দেখা গেছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে মোট ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
চিকিৎসাশিক্ষার বিস্তার ঘটলেও শিক্ষার মান নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ২০১০ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬২টি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে তা বেড়ে দাঁড়ায় ১১৮টিতে। তবে প্রতিষ্ঠান বাড়ার সঙ্গে সঙ্গে মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থার সমানতালে উন্নতি হয়নি বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি কমাতে বেশ কয়েকটি সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। এর মধ্যে রয়েছে রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন নেওয়া আইনত নিষিদ্ধ করা। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্ক থাকলে তা প্রকাশ বাধ্যতামূলক করারও প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি ও ক্ষতিপূরণের জন্য কার্যকর আইনি কাঠামো তৈরি, ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু এবং প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রণোদনার সুপারিশ করা হয়েছে।
সরকারি কেনাকাটার সব তথ্য জনসমক্ষে প্রকাশ, চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে ব্যবহার পর্যন্ত প্রতিটি ধাপের ব্যবস্থাপনা নিশ্চিত এবং অনিয়মের তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়ার কথাও প্রতিবেদনে বলা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব সংস্থার প্রধান হওয়ার সুযোগ বন্ধের সুপারিশ করেছে সংস্থাটি। পাশাপাশি রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব বাড়ানো এবং স্বাধীন আপিল ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
গবেষণা প্রতিবেদনে উঠে আসা এসব তথ্য স্বাস্থ্য খাতের সেবার মান, জবাবদিহি ও সরকারি অর্থের ব্যবহারে বিদ্যমান দুর্বলতাগুলো নতুন করে সামনে এনেছে।