Monday, November 16, 2026

ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর এলএনজি কেনা হয়েছে: জ্বালানিমন্ত্রী


ফাইল ছবিঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

জ্বালানি সংকটের চাপ থাকলেও আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে আগামী জানুয়ারি মাসের জন্যও জ্বালানি কেনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এসব তথ্য জানান। ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ শীর্ষক এ সম্মেলনে দেশের জ্বালানি পরিস্থিতি ও সাম্প্রতিক সংকটের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। ডিসেম্বর পর্যন্ত চাহিদা সামাল দেওয়ার মতো এলএনজি কেনা হয়েছে। এবার জানুয়ারি মাসের সরবরাহ নিশ্চিত করতেও কেনাকাটার পরিকল্পনা করা হবে।

সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করে ইকবাল হাসান মাহমুদ বলেন, এফএসআরইউ-সংক্রান্ত সমস্যার কারণে একপর্যায়ে দেশে গ্যাসের সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এতে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। গ্যাসের অভাবে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হয়। একই সময়ে শিল্পকারখানাগুলোও উৎপাদন চালিয়ে যেতে সমস্যায় পড়ে।

পরিস্থিতি সামাল দিতে দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে বাড়তি দামে এলএনজি কিনতে হয়েছে বলে জানান মন্ত্রী। বিশেষ করে সিঙ্গাপুরের বাজারে এলএনজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আগে প্রতি ইউনিট এলএনজির দাম ১২ ডলার থাকলেও সর্বশেষ কেনাকাটায় তা বেড়ে ৩১ ডলারে পৌঁছায়।

এলএনজির এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদন ব্যয়েও। মন্ত্রী জানান, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়ে তেলচালিত কেন্দ্রের উৎপাদন ব্যয়ের কাছাকাছি চলে আসে। এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে তেলভিত্তিক কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের ইউনিট চালু করা হয়।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে শুধু বর্তমান সরবরাহ পরিস্থিতি নয়, ভবিষ্যতের চাহিদা মেটানোর প্রস্তুতিও গুরুত্বপূর্ণ বলে সম্মেলনে আলোচনায় উঠে আসে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন