Monday, November 16, 2026

চার মাসে ১১৪৬ কোটি ডলার রেমিট্যান্স, শীর্ষে সৌদি আরব


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এ সময়ে সবচেয়ে বেশি অর্থ পাঠিয়েছেন সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা। দেশটি থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০ দেশের তালিকায় সৌদি আরবের পর রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইতালি, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চার মাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার এবং ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

তালিকার বাকি দেশগুলোর মধ্যে কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

মাসভিত্তিক হিসাবেও প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ দেখা গেছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলারে।

পরবর্তী মাস সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। আর সর্বশেষ অক্টোবর মাসে এসেছে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস রেমিট্যান্স। প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে অবদান রাখার পাশাপাশি অসংখ্য পরিবারের জীবিকা, ভোগব্যয় ও সঞ্চয়ের সঙ্গে সরাসরি যুক্ত।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন