- ১৪ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগকে এগিয়ে নিতে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ অনুদানের জন্য দেশের উদ্যোক্তাদের পাশাপাশি প্রবাসীরাও আবেদন করতে পারবেন। স্টার্টআপের বিকাশের বিভিন্ন পর্যায় বিবেচনায় এক লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।
এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রণয়ন করেছে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপ অনুদান ব্যবস্থাপনা ও পরিচালন নীতিমালা, ২০২৬’। গত ১১ নভেম্বর নীতিমালাটি জারি করা হয়। পরদিন, ১২ নভেম্বর এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশিত হয়।
নীতিমালা অনুযায়ী, স্টার্টআপের অগ্রগতির ধাপ বিবেচনায় অনুদানের পরিমাণ নির্ধারণ করা হবে। প্রাথমিক পর্যায়ে ধারণা উন্নয়নের জন্য এক লাখ থেকে তিন লাখ টাকা, প্রোটোটাইপ ও ন্যূনতম কার্যকর পণ্য (এমভিপি) তৈরির জন্য তিন লাখ থেকে ১০ লাখ টাকা এবং বিনিয়োগের উপযোগিতা তৈরি, ব্রিজ ফান্ডিং ও ম্যাচিং ফান্ডিংয়ের জন্য ১০ লাখ থেকে ৩০ লাখ টাকা দেওয়া যাবে। তবে বিশেষ ক্ষেত্রে যৌক্তিকতা বিবেচনায় অনুদানের পরিমাণ ৫০ লাখ টাকা পর্যন্ত বাড়ানো সম্ভব হবে।
প্রোটোটাইপ ও এমভিপি পর্যায়ে ব্যক্তিগত আবেদনকারীদের জন্য অনুদানের সর্বোচ্চ সীমা পাঁচ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
নীতিমালায় স্টার্টআপের বিকাশ ও অর্থায়নের জন্য তিনটি পর্যায় রাখা হয়েছে। প্রথম পর্যায়ে প্রি-আইডিয়েশন ও আইডিয়া উন্নয়নের কাজকে গুরুত্ব দেওয়া হবে। এ ধাপে উদ্ভাবনী ধারণা শনাক্ত, উদ্যোক্তা দল গঠন, সমস্যার ধরন বিশ্লেষণ, প্রাথমিক পরামর্শ এবং ধারণার বাস্তবতা যাচাইয়ে সহায়তা দেওয়া হবে।
দ্বিতীয় পর্যায়ে থাকবে প্রোটোটাইপ তৈরি ও ভ্যালিডেশন। এ পর্যায়ে উদ্যোক্তারা তাঁদের পণ্য বা সেবার প্রাথমিক সংস্করণ তৈরি, ন্যূনতম কার্যকর পণ্য উন্নয়ন, ব্যবহারকারীর মতামত সংগ্রহ, বাজার যাচাই এবং প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার জন্য অনুদান পাবেন।
তৃতীয় পর্যায়ের লক্ষ্য হলো স্টার্টআপকে বিনিয়োগ গ্রহণের উপযোগী করে তোলা। এ ধাপে পণ্যের উন্নয়ন, বাজার সম্প্রসারণ, বিক্রয় বাড়ানো, বিনিয়োগের প্রস্তুতি, ডিউ ডিলিজেন্স এবং করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।
নীতিমালায় মোট ছয় ধরনের অনুদানের কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো—আইডিয়া অনুদান, প্রোটোটাইপ উন্নয়ন অনুদান, প্রি-সিড অনুদান, সিড অনুদান, ইনভেস্টমেন্ট রেডিনেস ব্রিজ অনুদান এবং বিশেষ উদ্ভাবন অনুদান।
আইডিয়া অনুদানের অর্থ ব্যবহার করা যাবে নতুন ধারণার বাস্তবতা যাচাই, উদ্যোক্তা দল গঠন, বাজার সমীক্ষা, প্রাথমিক গবেষণা ও নকশা তৈরির কাজে। প্রোটোটাইপ উন্নয়ন অনুদানের মাধ্যমে হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি, পরীক্ষণ এবং প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা যাবে।
অন্যদিকে, প্রি-সিড অনুদানের লক্ষ্য হলো ন্যূনতম কার্যকর পণ্য তৈরি, সম্ভাব্য বাজার যাচাই, প্রাথমিক গ্রাহক তৈরি এবং ব্যবসায়িক মডেল উন্নয়নে উদ্যোক্তাদের সহায়তা করা। পরবর্তী পর্যায়ের অনুদানগুলো স্টার্টআপের ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগ প্রস্তুতি ও প্রবৃদ্ধির প্রয়োজন মেটাতে ব্যবহার করা হবে।
নীতিমালায় বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলোর উদ্ভাবনী ধারণাকে বাজারজাতযোগ্য পণ্য ও সেবায় রূপান্তর করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে নতুন ব্যবসায়িক উদ্যোগ তৈরি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে সরকারি অনুদান বিতরণে স্বচ্ছতা, প্রতিযোগিতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থায়নের ক্ষেত্রে ফলাফলকে বিবেচনায় রেখে সহায়তা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগের প্রাথমিক পর্যায়ে অর্থের সংকট অনেক উদ্যোক্তার জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। সরকারের নতুন এই নীতিমালার মাধ্যমে সেই বাধা কমিয়ে উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। তবে অনুদান পেতে আবেদনকারীদের নির্ধারিত যোগ্যতা, শর্ত ও মূল্যায়নপ্রক্রিয়া অনুসরণ করতে হবে।