- ১১ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বন্ধ হয়ে যাওয়া মোবাইল অপারেটর সিটিসেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (পিবিটিএল) শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) দায়ের করা অর্থজারি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে এ তৎপরতা চালানো হচ্ছে।
ব্যাংকটির প্রায় ১৩৫ কোটি ৩২ লাখ টাকা পাওনা আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে চলা আইনি প্রক্রিয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলায় পিবিটিএল ছাড়াও প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও করপোরেট প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, খেলাপি ঋণ আদায়ের জন্য ২০১৮ সালের ৫ জুলাই ঢাকার অর্থঋণ আদালতে পিবিটিএলের বিরুদ্ধে মামলা করে এমটিবি। মামলাটির নম্বর ৫২১/২০১৮। এতে পিবিটিএলসহ মোট ১২ জনকে বিবাদী করা হয়। তাঁদের মধ্যে বিদেশি ইক্যুইটি অংশীদার ও করপোরেট গ্যারান্টর হিসেবে সিংটেল এশিয়া প্যাসিফিক ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড, ফার ইস্ট টেলিকম লিমিটেড এবং প্যাসিফিক মোটরস লিমিটেডও রয়েছে।
দীর্ঘ আট বছর বিচারিক প্রক্রিয়া চলার পর ২০২৬ সালের ১৩ মে ঢাকার অর্থঋণ আদালত-৭-এর বিচারক মো. ফরিদ উদ্দিন এমটিবির পক্ষে রায় ও ডিক্রি দেন। আদালতের নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করায় ব্যাংকটি ডিক্রি অনুযায়ী অর্থ আদায়ের জন্য পরবর্তী আইনি পদক্ষেপ নেয়।
গত ২৭ জুলাই ১৩৫ কোটি ৩২ লাখ টাকা আদায়ের লক্ষ্যে ঢাকার অর্থঋণ আদালতে অর্থজারি মামলা দায়ের করে এমটিবি। মামলাটির নম্বর ৮১০/২০২৬। ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪(১) ধারায় দেওয়ানি আটকাদেশ কার্যকরের অংশ হিসেবে পিবিটিএলের কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরোয়ানাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন পিবিটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরী, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, পরিচালক নাসরিন খান, পরিচালক আসগর করিম এবং ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও জামিনদার মো. ফরিকুল হাসান।
আদালতের নির্দেশনা বাস্তবায়নে গত ২ নভেম্বর রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। এ সময় পিবিটিএলের পরিচালক আসগর করিমের আবাসিক ঠিকানায় গিয়ে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়। তবে বাড়ির কেয়ারটেকার পুলিশকে জানান, অভিযানের সময় তিনি বাসায় ছিলেন না।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আদালতের রায় ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে আগামী ১৮ নভেম্বরের মধ্যে পরোয়ানাভুক্ত ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি তাঁদের গ্রেপ্তারে নজরদারি ও অনুসন্ধান জোরদার করা হয়েছে।
সিটিসেল একসময় দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে পরিচিত ছিল। তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পরও পিবিটিএলের ঋণসংক্রান্ত আইনি বিরোধ নিষ্পত্তি হয়নি। এমটিবির দায়ের করা অর্থজারি মামলায় আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবেই এখন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলছে।