Tuesday, November 10, 2026

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে বেড়েছে চাপ


ছবিঃ বাজার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

দেশে সার্বিক মূল্যস্ফীতির হার সামান্য কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, ২০২৬ সালের অক্টোবর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে। আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। তবে খাদ্যপণ্যের দামে কিছুটা স্বস্তি এলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার ক্ষেত্রে মূল্যস্ফীতির চাপ বেড়েছে।

সোমবার প্রকাশিত বিবিএসের তথ্যে দেখা যায়, অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ এক মাসে খাদ্য মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। এক মাসের ব্যবধানে এ খাতে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট।

গত বছরের একই সময়ের তুলনায় অবশ্য সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেশি রয়েছে। ২০২৫ সালের অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। চলতি বছরের একই মাসে তা বেড়ে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে। অর্থাৎ এক বছরে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ১০ শতাংশ পয়েন্ট।

বিবিএসের পরিসংখ্যানে গ্রাম ও শহর উভয় এলাকাতেই খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমার চিত্র উঠে এসেছে। অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ১৮ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে।

শহরাঞ্চলেও সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ, অক্টোবরে তা নেমে এসেছে ৮ দশমিক ২৫ শতাংশে। শহরে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ২৫ শতাংশ থেকে কমে হয়েছে ৬ দশমিক ৪২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত খাতে পরিস্থিতি উল্টো। এ খাতে মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৪ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশ হয়েছে।

দীর্ঘমেয়াদি হিসাবেও মূল্যস্ফীতির গড় হার কমার তথ্য দিয়েছে বিবিএস। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশে। এর আগের ১২ মাসে এ হার ছিল ৯ দশমিক ২২ শতাংশ।

তবে মূল্যস্ফীতি কমার পাশাপাশি মানুষের আয় বাড়ার গতিও কমেছে। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ এবং গত বছরের অক্টোবরে ছিল ৮ দশমিক ০১ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতির হার মজুরি বৃদ্ধির হারের চেয়ে বেশি ছিল। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ব্যয়ের সঙ্গে আয়ের ব্যবধান নিয়ে সাধারণ মানুষের ওপর চাপ অব্যাহত থাকার ইঙ্গিত মিলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন